পাটনা, ১৩ জুন (হি.স.) : অবশেষে ভারতের চাপে আটক করা ভারতের নাগরিককে ছেড়ে দিতে বাধ্য হল নেপাল পুলিশ । শুক্রবার বিহারের সীতামারিতে নেপাল পুলিশের গুলিতে এক ভারতীয় নিহত ও চারজন আহত হন।ওই সময় একজনকে আটকও করে নেপাল পুলিশ। তবে লগন কিশোর নামে ওই ব্যাক্তিকে ২৪ ঘণ্টার মধ্যেই ছেড়ে দিতে বাধ্য হয় নেপাল পুলিশ । শনিবার সীমান্ত পেরিয়ে ভারত ফিরে নিজের দুর্দশার কথা জানালেন তিনি।
এদিন তিনি জানান, গতকাল তিনি ও তাঁর ছেলে সীমান্তে গিয়েছিলে তাঁর ছেলের বউয়ের সঙ্গে দেখা করতে, যিনি নেপালি নাগরিক। আচমকাই নিরাপত্তারক্ষীরা এসে তাঁর ছেলেকে ধাক্কা মারে। তিনি বাধা দিতে গেলে তাঁকে রুঢ় ভাষায় কথা বলে চুপ করিয়ে দেওয়া হয়। এরপর আরও কয়েকজন নিরাপত্তাকর্মী এসে শূন্যে গুলি চালাতে শুরু করে, বলে জানান লগন। সেই সময় ভয় তাঁরা পালাতে গেলে তাঁকে আটক করা হয়, রাইফেলের বাঁট দিয়ে মেরে নেপালের সংগ্রমপুরে নিয়ে যাওয়া হয় বলেই অভিযোগ লগনের। পুরো ঘটনায় তলপেটে গুলি লেগে মারা যান বিকেশ যাদব নামের এক যুবক। আহত হয়েছেন উদয় ঠাকুর ও উমেশ রাম নামের দুই তরুণ।
তিনি আরও জানিয়েছেন, নেপালেরপুলিশ তাঁকে জোর করেছিল এটা বলিয়ে নিতে যে তাঁকে নেপাল থেকেই ধরে আনা হয়েছে। তিনি তখন তাঁদের বলেন যে প্রাণ গেলেও আমি এটাই বলব যে আমি ভারত থেকে এসেছি।
করোনার জেরে সীমান্ত বন্ধ রেখেছে নেপাল। তারপর থেকে এই নিয়ে তৃতীয়বার অস্থিরতা হল এই অঞ্চলে। তবে প্রাণহানির ঘটনা এই প্রথম।

