ইসলামাবাদ, ১৩ জুন (হি. স.): শাহিদ আফ্রিদির করোনায় আক্রান্ত হওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে সম্প্রতি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদ শহরে গিয়েছিলেন তিনি। সেখানে সামাজিক দূরত্ব এবং মুখে মাস্ক বা মুখাবরণ না পরেই তিনি একটি জমায়েতে সামিল হয়েছিলেন। আরও একটি তথ্য প্রকাশ্যে এসেছে যে করোনায় আক্রান্ত যারা হচ্ছে তাদেরকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পাঠানো হচ্ছে।
এক মাস আগে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ওই জমায়েতে ভারতবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য রাখেন আফ্রিদি।সেখানকার স্থানীয়দের মধ্যে নিজের সহমর্মিতাও ব্যক্ত করেন তিনি।
প্রসঙ্গত পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে করোনার ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করছে ইসলামাবাদ। সেখানে করোনা মোকাবিলার জন্য কোন রকমের সহায়তা দিতে অস্বীকার করেছে পাকিস্তান প্রশাসন। এমনকি পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট, মুখাবরণ, হাত শুদ্ধি বা হ্যান্ড সেনিটাইজার দিতে অস্বীকার করেছে পাকিস্তান প্রশাসন। নিজেদের পঞ্জাব প্রদেশকে করোনা মুক্ত রাখার জন্য পাকিস্তান অধিকৃত কাশ্মীরে রোগীদের দেদার নিয়ে যাচ্ছে ইসলামাবাদ। সেখানে নিয়মের কোনও তোয়াক্কা না করেই তৈরি করা হচ্ছে কোয়ারেন্টিন সেন্টার। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পর্যাপ্ত চিকিৎসক, নার্সদের অভাব। এমন কি ভেন্টিলেটর নেই। জনমানসে বাড়ছে পাকিস্তান বিরোধী ক্ষোভ। তাই প্রশমন করার জন্য গিয়েছিলেন আফ্রিদি।

