নয়াদিল্লি, ১ জুন (হি. স.): পশ্চিমবঙ্গের অরাজক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৮ জুন, সোমবার সকাল ১১ টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। রাজ্য বিজেপির প্রায় ১০০০ পদাধিকার সরাসরি এই বৈঠকে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজেদের প্রশ্ন করতে ও মতামত দিতে পারবে।
সোমবার কলকাতায় দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, করোনা পরিস্থিতির জেরে আগের মতন আর ময়দানে সভা করা সম্ভব নয়। সেই কারণে ইন্টারনেটের মাধ্যমে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। ইন্টারনেটের মাধ্যমেই বৈঠক হলেও এর জন্য একটি বিশেষ মঞ্চ তৈরি করা হবে। রাজ্য বিজেপির প্রায় ১০০০ পদাধিকার ছাড়াও আরও সমাজের বিভিন্ন স্তরের আরো ১০০০ জন এই বৈঠকে অংশগ্রহণ করবে। কিন্তু তারা অমিত সাহাকে সরাসরি কোনও প্রশ্ন করতে পারবে না। রাজ্য বিজেপির ব্লক থেকে বুধ স্তরের পদাধিকারীরা ওই বৈঠকে অংশগ্রহণ করতে পারবে। বৈঠকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অস্থিরতা হিংসা নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি কেন্দ্রের বিভিন্ন মানবকল্যাণমূলক প্রকল্পের বিষয়ে আলোচনা হবে।
উল্লেখ করা যেতে পারে, এই বছরটা গড়ালেই ২০২১ এ রাজ্যে বিধানসভা নির্বাচন। ক্ষমতায় আসার ব্যাপারে আশাবাদী রাজ্য বিজেপি নেতৃত্ব। এর জন্য প্রধান কান্ডারী হিসেবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা ভালোভাবেই জানেন দিলীপ ঘোষ।

