বাংলাদেশ ও কুয়েত থেকে রাজ্যে ফিরছেন ২৪১ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ বাংলাদেশ থেকে ১০৫ জন আগামী বৃহস্পতিবার ও কুয়েত থেকে ১৩৬ জন আগামী চার জুন ফিরছেন৷ বাংলাদেশ ফেরত ত্রিপুরার নাগরিকরা আখাউড়া সীমান্ত দিয়ে প্রবেশ করবেন৷ অন্যদিকে, কুয়েত থেকে ফেরত ত্রিপুরার নাগরিকরা গুয়াহাটি পর্যন্ত বিমানে আসবেন৷ তারা কুয়েতের জেলে বন্দী রয়েছেন৷ অসমের নাগরিকদের সাথে একত্রে তারা ফিরবেন৷ এদিকে, এখন থেকে রাজ্যে আগতদের লক্ষণ থাকলেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷


শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, আইন ভঙ্গ করার দায়ে ত্রিপুরার ওই নাগরিকরা বর্তমানে কুয়েতের জেলে বন্দী রয়েছেন৷ কিন্তু, করোনার কারণে তাদের দেশে পাঠানো হচ্ছে৷ তারা বিশেষ বিমানে গুয়াহাটি আসবেন৷ সেখান থেকে তাদের ত্রিপুরায় আনা হবে৷ শিক্ষমন্ত্রী জানান, ত্রিপুরায় ফেরার পর তাদের কোয়ারেন্টাইন করা হবে৷


এগিকে, বাংলাদেশ থেকে ১০৫ জন ত্রিপুরার নাগরিক বাসে ফিরবেন৷ ঢাকা থেকে তারা আখাউড়া আইসিপি দিয়ে আগামী ২৮ মে রাজ্যে আসবেন৷ শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে আগত ত্রিপুরার নাগরিকদের সকলকেই প্রাতিষ্ঠানিক কোয়রেন্টাইনে পাঠানো হবে৷ তাদের নমুনাও সংগ্রহ করা হবে৷ কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ আসলে তবেই তারা বাড়ি যেতে পারবেন৷ তবে, বাড়ি ফিরে কোয়রেন্টাইনেই থাকতে হবে তাদের, জানান শিক্ষামন্ত্রী৷


শিক্ষামন্ত্রী জানান, জনগণের নিরাপত্তায় সাথে কোন আপোস করা হবেনা৷ কোন ঝুঁকি নিতে চায়না রাজ্য সরকার৷ তাই বিমানে যারা আসবেন বা যাবেন, তাদের সকলেরই থার্মাল স্ক্রিনিং করা হবে৷ যাদের করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ রয়েছে তাদের সকলেরই নমুনা পরীক্ষা করা হবে৷ নমুনা পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে৷ রিপোর্ট নেগেটিভ এলে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী জানান৷ যাদের করোনা ভাইরাস সংক্রমণের কোন লক্ষণ নেই, তাদের মধ্যে থেকে প্রতি পাঁচ জনের মধ্যে ১ জনের নমুনা পরীক্ষা করা হবে৷ বাংলাদেশে যাওয়ার জন্য যেসব যাত্রী আসবেন তাদের আলাদা গাড়ী করে আখাউড়া চেকপোস্ট দিয়ে যেতে দেওয়া হবে৷ এরমধ্যে কোন লক্ষণ দেখা দিলে সাথে সাথেই জেলা সার্ভিলেন্স অফিসার অথবা স্টেট সার্ভিলেন্স অফিসারের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে৷