আগরতলায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার নালায় নতুনবাজারে ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ যুবকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ বুধবার সকালে রাজধানী আগরতলার অভয়নগরে অবস্থিত ব্লাডসান ক্লাবের পাশে একটি নালা থেকে জনৈক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃতের নাম রবি দেবনাথ৷ বাড়ি মালঞ্চ নিবাস সংলগ্ণ এজি আবাসিক এলাকায়৷ মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এটি হত্যাকাণ্ড, না নালায় পড়ে রবিবাবুর মৃত্যু হয়েছে তা নিয়ে ধন্দে পুলিশ৷


পুলিশ জানিয়েছে, আজ বেলা ১১ টা নাগাদ স্থানীয় জনগণ অভয়নগর বাজারের পেছনে ব্লাডসান ক্লাবের পাশে একটি নালায় ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন৷ ঘটনার খবর ছড়িয়ে পড়লে মুহূর্তে এলাকার লোকজন ভিড় জমাতে শুরু করেন৷ খবর পাঠানো হয় দমকল বাহিনী এবং জিবি আউটপোস্টের পুলিশকে৷ খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী এবং জিবি আউটপোস্টের পুলিশ৷ নালা থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু জিবি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷


অনেকেই আশঙ্কা করছেন, নেশাগ্রস্ত হয়ে হয়তো রবি দেবনাথ নালার পাশে বসেছিলেন৷ শরীরের ভারসাম্য রক্ষা করতে না পেরে হয়তো নালায় পড়ে তাঁর মৃত্যু হয়েছে৷ এ-বিষয়ে জানতে চাওয়া হলে জিবি আউটপোস্টের ওসি সঞ্জীব দেববর্মা জানান, ময়না তদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত এ-বিষয়ে নিশ্চিত কোনও তথ্য দেওয়া সম্ভব নয়৷ জিবি আউটপোস্ট পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷


গলায় ফাঁস জড়ানো ঝুলন্ত এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় পরিবারের লোকজন হত্যার অভিযোগ এনেছেন৷ গোমতি জেলার নতুনবাজার থানাধীন লেবাছড়া এলাকায় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তাঁর নাম মইদুল হুসেন৷
বুধবার বাড়ি থেকে কিছুটা দূরে একটি আম গাছে ওই যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয় জনগণ৷ মৃতের পরিবারের সদস্যের দাবি, তার মুখ বাঁধা ছিল৷ তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আম গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে তাঁরা অভিযোগ করেছেন৷ প্রণয়ঘটিত ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে দাবি করেছেন নিহতের পরিবারের লোকজনরা৷


ঘটনার খবর পেয়ে নতুন বাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য নতুনবাজার হাসপাতালে পাঠিয়েছে৷ স্থানীয় জনগণের বক্তব্য, ফাঁসিতে মইদুল হুসেনের মৃতদেহ উদ্ধারের ঘটনা খুবই রহস্যজনক৷ পুলিশ ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে৷ তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই পুলিশ এ-ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানানো হয়েছে৷ যুবক মইদুল হুসেনের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ মৃতের পরিবারের লোকজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্তদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন৷