নয়াদিল্লি, ১৩ মে (হি.স.): করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ প্যাকেজ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল সিব্বল। মঙ্গলবার রাতে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, প্রথম পর্যায়ের লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে এখনও পর্যন্ত যে ত্রাণ প্যাকেজ কেন্দ্রের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে তার মূল্য হচ্ছে ২০ লক্ষ কোটি টাকা।
কেন্দ্রের এই ঘোষণার নিন্দা করে কপিল সিব্বল নিজের টুইট বার্তায় লিখেছেন, প্রধানমন্ত্রী ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেছেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সরকারের কাছে নগদ অর্থের প্রবাহ কেবল চার লক্ষ কোটি টাকার পর্যন্ত রয়েছে। আর বি আই বাজারে অর্থের প্রবাহ ছেড়েছে ৮ লক্ষ কোটি টাকা। সরকারের কাছে পাঁচ লক্ষ কোটি টাকার অতিরিক্ত দেনা রয়েছে। এক লক্ষ কোটি টাকা গ্যারান্টি ফিস। ফলের সব মিলিয়ে আর্থিক প্যাকেজ হচ্ছে মাত্র চার লক্ষ কোটি টাকা।
অপর কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী নিজের টুইট বার্তায় লিখেছেন, দেশের নাগরিকদের মৌলিক অধিকার অক্ষুণ্ন রাখতে ব্যর্থ হয়েছে সরকার। লকডাউনের ৫০ দিন কেটে গেলেও এখনো বহু মানুষ নিজেদের বাড়ি ফিরতে পারেনি।

