অ্যাডহক শিক্ষকদের স্থায়ী সমাধানের দাবিতে ১৪ ও ১৫ মার্চ গণবস্থানের ডাক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷ অ্যাডহক শিক্ষকদের স্থায়ী সমাধানের দাবিতে আগামী ১৪ ও ১৫ মার্চ গণ-অবস্থানে বসার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষকদের সংগঠন৷ সংগঠনের সভাপতি বিমল সাহা জানিয়েছেন, ১৪ মার্চ সকাল ১০টা থেকে গণ-অবস্থান শুরু হয়ে ১৫ মার্চ বিকেল ৬-টায় ওই কর্মসূচি সমাপ্ত হবে৷


বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বিমলবাবু বলেন, ৫ দফা দাবির ভিত্তিতে আমরা গণ-অবস্থানে বসতে চলেছি৷ তিনি বলেন, আগামী ৩১ মার্চ আমাদের অ্যাডহক ভিত্তিতে চাকরির সময়সীমা সমাপ্ত হয়ে যাবে৷ কিন্তু, ত্রিপুরা সরকার এখনও স্থায়ী সমাধানে কোনও ইতিবাচক পথ খুঁজে বের করেনি৷ তাঁর বক্তব্য, আদালতের রায়ে আমাদের চাকরি বাতিল হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫০ জন শিক্ষক প্রাণ হারিয়েছেন৷ মানসিক চাপ এবং চাকরি হারানোর ভয়ে তাঁদের মৃত্যু হয়েছে, দাবি করেন তিনি৷
এদিন তিনি অ্যাডহক শিক্ষকদের বিভিন্ন সংগঠনকে এক ছাতার তলায় আসার জন্য অনুরোধ জানিয়েছেন৷ কারণ, ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায়ে না নামলে সরকার তা বিবেচনা করবে না বলে সন্দেহ প্রকাশ করেছেন৷ বিমলবাবু আজ হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁদের চাকরির স্থায়ী সমাধান না হলে ১৭ মার্চের পর আইন অমান্য আন্দোলনে নামব আমরা৷


তাঁর দাবি, ভেলিডেশন অ্যাক্টের মাধ্যমে অ্যাডহক শিক্ষকদের চাকরি সুনিশ্চিত করা, তাঁদের মধ্যে প্রয়াত শিক্ষকদের পরিবারবর্গকে আর্থিক সাহায্য এবং ডাই-ইন-হারনেসে চাকরির ব্যবস্থা, সমস্ত সুযোগ সুবিধা সহ চাকরর ধারাবাহিকতা বজায়, শিক্ষা দফতরের দেওয়া টার্মিনেশন লেটার অবিলম্বে প্রত্যাহার এবং ভিজন ডকুমেন্টে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তাঁদের চাকরির স্থায়ী সমাধান করতে হবে৷