নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ সিধাই মোহনপুর এলাকার বাসিন্দা অমেন্দ্র দেববর্মার ছেলে সান দেববর্মা৷ বয়স ১১ বছর৷ আমবাসা মহকুমার অন্তর্গত উপজাতি কল্যাণ দপ্তরের অধিন সাধুটিলা এলাকার রাধা মোহন ম্যামোরিয়াল আশ্রম সুকলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল সে৷ বিদ্যালয়েরই ছাত্রাবাসে সে থাকতো৷ বৃহস্পতিবার সে নিখোঁজ হয়ে যায় ছাত্রাবাস থেকে৷ শুক্রবার সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয় ছাত্রবাসের পাশের একটি জলাশয় থেকে৷
ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার বিকালে সে ছাত্রাবাস থেকে নিখোঁজ হয়ে যায়৷ সন্ধ্যার সময় ছাত্রাবাসের রুল কল করলে ধরা পরে সান দেববর্মা অনুপস্থিত৷ তখন হোস্টেল সুপার বিষয়টি বিদ্যালয়ের প্রিন্সিপাল অমিত সাহাকে জানান৷ দ্রুত বিদ্যালয়ে ছুটে আসেন প্রিন্সিপাল অমিত সাহা৷ তিনি তখন বিদ্যালয়ের দুই কর্মীকে আমবাসা রেলস্টেশনে পাঠান সান দেববর্মার সন্ধানে৷ কিন্তু সান দেববর্মার কোন হদিশ পাওয়া যায়নি৷ পরবর্তী সময় আমবাসা থানার পুলিশ ও নিখোঁজ ছাত্রর পরিবারকে এই বিষয়ে অবগত করা হয় বলে জানান বিদ্যালয়ের প্রিন্সিপাল অমিত সাহা৷
রাতেই আমবাসা থানার পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাসি চালায় কিন্তু নিখোঁজ সান দেববর্মার কোন হদিশ পাওয়া যায়নি৷ শুক্রবার সকালেও পুলিশ যথারীতি নিখোঁজ ছাত্রর সন্ধানে তল্লাসি শুরু করে৷ সুকলের পাশের লেইকের জল থেকে সান দেববর্মার দেহ উদ্ধারের পর নিয়ে যাওয়া হয় কুলাই জেলা হসাপাতালে৷ কিন্তু হাঁসপাতালের চিকিৎসক সান দেববর্মাকে মৃত বলে ঘোষণা করেন৷ তিনি জানান প্রাথমিক ভাবে মনে হচ্ছে জলে ডুবে মৃত্যু হয়েছে সান দেববর্মার৷ তবে ময়না তদন্তের পর সান দেববর্মার মৃত্যুর আসল কারন জানা যাবে৷ এইদিকে মৃত সান দেববর্মার দাদু বিশ্বজিৎ দেববর্মার অভিযোগ বিদ্যালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে সান দেববর্মা শৌচালয় থেকে নিখোঁজ হয়েছে৷ সান দেববর্মা লেইকের জলে স্নান করতে গিয়েছে এই বিষয়ে জানানো হয়নি৷
বিষয়টি গোপন রাখা হয়েছিল৷ সান দেববর্মা সাঁতার জানে না৷ তাই সান দেববর্মা অসাবধানতা বসত জলে পড়েছে, নাকি তাকে ধাক্কা মেরে জলে ফেলে দেওয়া হয়েছে এই বিষয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন৷ তিনি এই ঘটনার ন্যায় বিচারের দাবি জানান৷তবে সান দেববর্মার মৃত্যু ফের একবার একাধিক প্রশ্ণের জন্ম দিয়েছে জনমনে৷ সান দেববর্মা কেন লেইকের জলে স্নান করতে গিয়েছিল ছাত্রাবাস ছেড়ে? আর হোস্টেল সুপার কোথায় ছিল যখন সান দেববর্মা লেইকের জলে স্নান করতে গিয়েছিল? সান দেববর্মা আরও তিন ছাত্রর সাথে লেইকের জলে স্নান করতে গিয়েছিল৷ বৃহস্পতিবার যখন সান দেববর্মাকে খুজে পাওয়া যাচ্ছিল না৷ তখন কেন তার সহপাঠীদের এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হল না৷

