শৈলেশের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের অভিযাগ আনবেন দুই বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷ পুর কমিশনার শৈলেশ কুমার যাদবের বিরুদ্ধে বিধানসভায় স্বাধীকার ভঙ্গের অভিযোগ আনবেন বিধায়ক আশীষ কুমার সাহা ও বিধায়ক রামপ্রসাদ পাল৷ পুর এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে বুধবার পুর নিগমের মেয়রের কাছে ডেপুটেশনের সময় পুর কমিশনার শৈলেশ কুমার যাদব বিধায়কদের সাথে অশালীন আচরণ করেছেন বলে অভিযোগ৷

তাই তার বিরুদ্ধে বাজেট অধিবেশনে স্বাধীকার ভঙ্গের অভিযোগ আনবেন বলে জানিয়েছেন বিধায়ক আশীষ কুমার সাহা৷
বুধবার পুর নিগমে ডেপুটেশনকে ঘিরে প্রচন্ড উত্তেজনা দেখা দিয়েছিল৷ পুর কমিশনার আজ স্বীকার করেছেন তিনি মহারাজগঞ্জ বাজারের জনৈক ব্যবসায়ী চন্দন কুমার নাহাকে হল থেকে বেরিয়ে যেতে এবং পুলিশে মামলা করবেন বলে সতর্ক করেছিলেন৷ তবে, বিধায়কদের সাথে এমন কোনও অশালীন আচরণ করেনি বলে তিনি দাবি করেছেন৷


এ বিষয়ে বিধায়ক আশীষ কুমার সাহা বলেন, পুর কমিশনারের আচরণের জন্যই তার বিরুদ্ধে বিধানসভায় স্বাধীকা ভঙ্গের অভিযোগ আনা হবে৷ অধ্যক্ষ ওই অভিযোগ গ্রহণ করে তাকে নোটিশ পাঠালে বিধানসভার প্রিভিলিজ কমিটির মুখোমুখি হতে হবে শৈলেশ কুমারকে৷ আশীষবাবু জানিয়েছেন, বিধায়ক রামপ্রসাদ পালের সাথে যুগ্ম ভাবে স্বাধীকার ভঙ্গের অভিযোগ আনবেন৷