নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷ সাব্রুমে ইন্টিগ্রেটেড চেকপোস্টের উন্নয়নে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাইকে চিঠি দিলেন পূর্ব ত্রিপুরার সাংসদ প্রতীমা ভৌমিক৷ সাংসদের ওই চিঠির পরিপ্রেক্ষিতে মন্ত্রকের সংশ্লিষ্ট আধিকারীকদের সাব্রুমে ইন্টিগ্রেটেড চেকপোস্টের উন্নয়নে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী৷
সাংসদ প্রতীমা ভৌমিক চিঠিতে বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে সাব্রুমে ইন্টিগ্রেটেড চেকপোস্টের উন্নয়নে প্রস্তাব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জমা দেওয়া হয়েছে৷ প্রাপ্ত খবর অনুযায়ী ওই প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রকের বর্ডার মেনেজম্যান্ট দপ্তরের অনুমোদনের অপেক্ষায় রয়েছে৷ তিনি চিঠিতে আরও বলেন, শীঘ্রই জমি অধিগ্রহনের অনুমতি দেওয়া উচিত৷ কারণ, জমি অধিগ্রহণ ছাড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টের উন্নয়ন সম্ভব হচ্ছে না৷ তাঁর দাবি, বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সাথে সরাসরি যোগাযোগে সাব্রুমের ইন্টিগ্রেটেড চেকপোস্টের উন্নয়ন অত্যন্ত জরুরী৷
তাই তিনি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রীর কাছে এই বিষয়ে প্রয়োজনীয় হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন৷ পাশাপাশি সাব্রুমে ইন্টিগ্রেটেড চেকপোস্টের উন্নয়নের প্রস্তাব অনুমোদনের আবেদন জানিয়েছেন৷ এই বিষয়ে সাংসদ প্রতীমা ভৌমিক বলেন, চিঠি পেয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারীকদের ডেকে ওই কাজের খোঁজ নিয়েছেন৷ পাশাপাশি সাব্রুমের ইন্টিগ্রেটেড চেকপোস্টের কাজের বিস্তারিত রিপোর্টও তলব করেছেন৷

