পাঁচটি দোকানের ঝাপ বন্ধ করল প্রশাসন, নমুনা নিল ষোলটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী৷৷ আগরতলার জিবি হাসপাতালের ক্যান্টিনেই নোংরা পরিবেশে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হচ্ছে৷ তাই, সদর মহকুমাশাসক শুক্রবার এই ক্যান্টিনের ঝাপ বন্ধ করে দিয়েছেন৷ শুধু তা-ই নয়, আগরতলার আরও চারটি খাবারের দোকানের ঝাপ বন্ধ করে দিয়েছেন সদর মহকুমাশাসক৷ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং জরিমানা করা হবে বলে জানিয়েছেন সদর মহকুমাশাসক অসীম সাহা৷ সাথে তিনি যোগ করেন, আজ আরও ১৬টি খাবারের দোকানের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ ল্যাবে পরীক্ষায় অস্বাস্থ্যকর খাবার প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷


তিনি বলেন, আগরতলায় বিভিন্ন খাবারের দোকান, হোটেল এবং রেস্টুরেন্টে নোংরা পরিবেশে রান্না করে অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে৷ তাই, সমস্ত খাবার দোকানে অভিযান চালানো হচ্ছে৷ তাঁর কথায়, লিগাল মেট্রোলজি, খাদ্য সুরক্ষা আধিকারিক এবং আগরতলা পুর নিগমকে সাথে নিয়ে এই অভিযান চালানো হচ্ছে৷ খাবারের দোকানের রান্নাঘর দেখে চক্ষু চড়কগাছ হয়ে গেছে৷ তিনি বলেন, জিবি হাসপাতালের ক্যান্টিনের রান্না ঘরে পচন ধরেছে এমন সবজিও রান্নার জন্য তৈরি করা হচ্ছে৷ তাছাড়া, ওই ক্যান্টিনের রান্নাঘরটি অত্যন্ত নোংরা এবং রান্নার কাজে নিয়োজিত কর্মীদেরও স্বাস্থ্য সম্পর্কে ন্যূনতম ধারণা নেই৷


তিনি উষ্মা প্রকাশ করে বলেন, ব্যবসার নামে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক বটে৷ তাঁর কথায়, জি বি হাসপাতালের ক্যান্টিনের খাবার খেয়ে রোগীর পরিবার অসুস্থ হয়ে পড়বেন, তো কোনভাবেই মেনে নেওয়া যায় না৷ তাই, ওই ক্যান্টিনের ঝাপ বন্ধ করার নির্দেশ দিয়েছি, বলেন তিনি৷


তাঁর দাবি, আজ ২৫টি খাবারের দোকানে অভিযান চালানো হয়েছে৷ তার মধ্যে ৫টি দোকানের ঝাঁপ বন্ধ করে দেওয়া হয়েছে৷ সাথে ১৬টি দোকান থেকে খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ ল্যাব পরীক্ষায় ওই নমুনায় অস্বাস্থ্যকর প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে৷ তাঁর কথায়, ৫টি খাবারের দোকানে নমুনা সংগ্রহের প্রয়োজন পড়েনি৷


কারণ, ওই খাবারের দোকানগুলিতে স্পষ্ট দেখা যাচ্ছিল, নোংরা রান্নাঘর, তেমনি অস্বাস্থ্যকর খাবার৷ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ এমনও খাবার উদ্ধার হয়েছে যা পশুর খাবারের যোগ্য নয়৷ অথচ, সেই খাবার মানুষের কাছে বিক্রি করছেন ব্যবসায়ীরা৷ তাঁর সাফ কথা, অস্বাস্থ্যকর খাবার বিক্রেতারা অপরাধী৷ তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবেই৷ সাথে তিনি যোগ করেন, এ-ধরনের অভিযান আগামীদিনেও জারি থাকবে৷