নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : শাহিনবাগে নাগরিকত্ব সংশোধন আইনের (সিএএ) বিরুদ্ধে চলা বিক্ষোভ মামলার শুনানি এক সপ্তাহের জন্য পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট।
দেশের শীর্ষ আদালত বর্ষীয়ান আইনজীবী সঞ্জয় হেগড়ে এবং আইনজীবী সাধনা রামচন্দ্রনকে শাহিনবাগের আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে বলেছে।
রাস্তা আটকে শাহিনবাগে না বিক্ষোভ দেখিয়ে বিকল্প জায়গায় প্রতিবাদ করার পরামর্শ যাতে ওই দুই আইনজীবী বিক্ষোভকারীদের দেন সেই নির্দেশ দিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি ২৪ ফেব্রুয়ারি হবে।
এদিন সুপ্রিম কোর্ট বলেছে যে প্রতিবাদের অধিকার সবার রয়েছে। কিন্তু বিক্ষোভ দেখানোরও একটা সীমা রয়েছে। যদি আজ একটি শ্রেণি এটি করে থাকে, আগামীকাল অন্য ইস্যুতে অন্য শ্রেণি একই কাজ করবে। ফলে তখন প্রতিটি মানুষ রাস্তায় আসবে। আদালতের এই উদ্যোগ ব্যর্থ হলে এটি স্থানীয় প্রশাসনের কাছে ছেড়ে দেওয়া হবে। শীর্ষ আদালতের আশা প্রতিবাদকারীরা পরিস্থিতিটা বুঝতে পারবে।
সুপ্রিম কোর্ট দিল্লি পুলিশকে পরামর্শ দিয়েছে যে তারা চাইলে তারাও বিক্ষোভের জন্য বিকল্প স্থানও দিতে পারে। তখন সলিসিটার জেনারেল তুষার মেহেতা বলেছিলেন এরকম হলে বিক্ষোভকারীদের কাছে ভুল বার্তা যাবে। বিক্ষোভকারীরা ভাববে যে পুলিশ দুর্বল হয়ে গিয়েছে। তখন বিচারপতি কে এম জোসেফ বলেন যে, এই মামলার আগে পদক্ষেপ নেওয়া উচিত ছিল প্রশাসনের। তুষার মেহতা জানান, শাহিনবাগে মহিলা ও শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ তৈরির চেষ্টা হলেও, তা সফল হয়নি।
প্রসঙ্গত ১০ ফেব্রুয়ারি এই বিষয়ে মন্তব্য করার সময় সুপ্রিম কোর্ট বলেছিল যে প্রতিবাদ করার অধিকার রয়েছে, তবে জায়গাটি এমন হওয়া উচিত যেখানে অন্যদের কারও কোনও অসুবিধা না হয়। সুতরাং, অনির্দিষ্টকালের জন্য জনপথ অবরুদ্ধ করা উপযুক্ত নয়।
