অসুস্থ শিশুকে টিকা দেওয়ায় মৃত্যু স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারী৷৷ স্বাস্থ্যকর্মীর গাফিলতিতে ২ মাস ১১ দিনের এক শিশুর মৃত্যু হয়েছে৷ অসুস্থতা সত্ত্বেও টিকা দেওয়ায় সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার রামপুর এডিসি ভিলেজের বাসিন্দা খোকন ত্রিপুরার পুত্র-সন্তানের আজ মৃত্যু হয়েছে৷ এমনই অভিযোগ তুলেছেন মৃত সন্তানের বাবা খোকন৷


খোকন ত্রিপুরা জানিয়েছেন, গত ৫ ডিসেম্বর এইজিএম হাসপাতালে তাঁর এক পুত্র সন্তানের জন্ম হয়েছিল৷ জন্মের পর তার শারীরিক অবস্থা ভালো ছিল না৷ তাই, ওই সময় চিকিৎসকরা তাকে টিকা দিতে বারণ করেন৷ তিনি বলেন, চিকিৎসকরা দেড় মাস পর তার সন্তানকে টিকা দিতে পরামর্শ দিয়েছিলেন৷ কিন্তু ছেলের শরীর সম্পূর্ণ সুস্থ না হওয়ায় টিকা দেওয়া যাচ্ছিল না৷ তিনি জানান, গত ৫ ফেব্রুয়ারি রামপুর সাব-সেন্টার থেকে ফোনে তার ছেলের টিকা দেওয়ার জন্য বলেন স্বাস্থ্য কর্মী৷ কিন্তু ছেলের অসুস্থতার বিষয়ে তাদের জানালেও তারা এতে গুরুত্ব দেননি৷ খোকনবাবু জানান, তার ছেলের কাশি ছিল৷ কিন্তু, স্বাস্থ্য কর্মীরা কাশি থাকা সত্ত্বেও তার ছেলেকে টিকা দেন৷


তিনি বলেন, টিকা নেওয়ার পর থেকে তার ছেলে আরও অসুস্থ হয়ে পড়ে৷ গত ৬ ফেব্রুয়ারি তার প্রচণ্ড জ্বর আসে৷ কিন্তু ওই সাব-সেন্টারের স্বাস্থ্য কর্মীরা দুশ্চিন্তা করতে বারণ করেন৷ তিনি জানান, টানা তিনদিন ধরে ছেলের জ্বর না কমায় বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যান৷ তবুও জ্বর কমছিল না৷ তাই, উপায় না দেখে হাঁপানিয়ায় ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছেলেকে ভর্তি করিয়েছিলেন৷ হাসপাতালের চিকিৎসকরা বলেন, তার নিউমোনিয়া হয়েছে এবং আইজিএম হাসপাতালে স্থানান্তর করে দেন৷ কিন্তু শেষ রক্ষা হয়নি৷ আজ (শনিবার) তার মৃত্যু হয়েছে, কাঁদতে কাঁদতে বলেন খোকন ত্রিপুরা৷