নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারী৷৷ গাড়ির দরজার গ্লাস ভেঙ্গে দেড় লক্ষ টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করল দুসৃকতিরা৷ ঘটনাটি ঘটেছে শনিবার ধর্মনগরে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা ধর্মনগরে চাঞ্চল্য ছড়িয়েছে৷
সংবাদে প্রকাশ, ধর্মনগরস্থিত গ্রামীণ ব্যাঙ্ক থেকে এইদিন দেড়লক্ষ টাকা তুলে গ্রামীণ ব্যাঙ্কের ভি.সি রাজু মালাকার৷ এই টাকা নিয়ে নিজের অল্টো গাড়িতে করে হাপলং এলাকায় রেগার টাকা প্রদান করার উদ্দেশ্যে রওয়ানা হয়৷ ধর্মনগরস্থিত উত্তর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সন্মুখে গাড়ির অভ্যন্তরে ব্যাগের মধ্যে টাকা ও মেশিনটি রেখে গাড়ির দরজা লক করে সে দোকানে যায় কিছু সামগ্রী ক্রয় করতে৷ আর এই সুযোগে ছিনতাইকারিরা গাড়ির দরজার কাঁচের গ্লাস ভেঙ্গে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়৷ রাজু মালাকার দোকান থেকে সামগ্রী ক্রয় করে গাড়ির কাছে এসে দেখতে পায় গাড়ির দরজার গ্লাস ভাঙ্গা৷ আর গাড়ির অভ্যন্তরে রাখা দেড় লক্ষ টাকা ভর্তি ব্যাগটি নেই৷ এমনটা জানান রাজু মালাকার৷
এইদিকে এক প্রত্যক্ষদর্শী জানান দুই যুবক একটি বাইকে করে গাড়িটির পাশে এসে দাড়ায়৷ ঘটনাস্থলে উপস্থিত লোকজন কোন কিছু বুঝে উঠার আগেই এক যুবক বাইক থেকে নেমে গাড়ির দরজার কাঁচের গ্লাস ভেঙ্গে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায় মুহূর্তের মধ্যে৷ ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ৷ ঘটনাস্থলের অদূরে থাকা সিসি ক্যামেরার ভিডিও চিত্র দেখে পুলিশ ছিনতাইকারিদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ ধর্মনগর থানার ওসি মিলন দত্ত জানান,তিন মাস পূর্বে রাজু মালাকার আড়াই লক্ষ টাকা সহ টাকা প্রদানের মেশিনটি হারিয়ে ফেলেছিল৷ তখনও পুলিশ মেশিন ও টাকা উদ্ধার করে রাজু মালাকারের হাতে তুলে দেয়৷ কিন্তু রাজু মালাকারের সাথে কেন বারে বারে একই ঘটনা সংগঠিত হচ্ছে তা নিয়েই প্রশ্ণ৷
যতটুকু খবর উত্তর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সিসি ক্যামেরার ভিডিও চিত্র দেখে পুলিশ ছিনতাইকারিদের চিহ্ণিত করেছে৷ তাদের জালে তোলার জন্য পুলিশ প্রয়াস চালাচ্ছে৷ তবে বারে বারে রাজু মালাকারের কাছ থেকে অর্থ ছিনতাইয়ের ঘটনায় জনমনে প্রশ্ণ দেখা দিয়েছে৷ যদিও পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে৷

