নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী৷৷ অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সময় পৃথক স্থানে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ সীমনা বিধানসভা কেন্দ্রের অধীন মতাইপাড়া এলাকায় কালভার্টের নীচ দিয়ে সীমান্ত ডিঙিয়ে ত্রিপুরায় প্রবেশের ৯ জনকে আটক করা হয়েছে৷ অন্যদিকে, ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের অধীন কালাইগিরি চেতলাং সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় দুই বাংলাদেশি এবং একজন ত্রিপুরার নাগরিককে আটক করেছে বিএসএফ৷
অনুপ্রবেশ নিয়ে আইপিএফটি বিধায়ক বৃষকেতু দেববর্মা বলেন, সীমনা বিধানসভা কেন্দ্রের মতাইপাড়া এলাকা দিয়ে প্রতিদিন অনুপ্রবেশ ঘটছে৷ গত ২৮ ডিসেম্বর ওই এলাকায় পরিদর্শনে গিয়ে মোহনপুরের মহকুমাশাসক এবং বিএসএফ-এর ডেপুটি কমান্ডেন্টকে পরিস্থিতি সম্পর্কে অবগত করেছিলাম এবং ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছিলাম৷ কিন্তু অনুপ্রবেশ ঠেকাতে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি৷ তিনি বলেন, আজ মতাইপাড়া এলাকায় একটি কালভার্টের নীচে দিয়ে অনুপ্রবেশের সময় ৯ জনকে হাতেনাতে পাকড়াও করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি৷
এ-বিষয়ে সিধাই থানাধীন সুন্দরটিলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীতিময় চাকমা বলেন, আজ বাংলাদেশ থেকে অনুপ্রবেশের সময় নয় জনকে আটক করা হয়েছে৷ তিনি জানান, বকুল দাস (৩০), পুতুল দাস (৭৫), অনিল দাস (৭০), রঞ্জন দাস (৪৪) মিনু দাস (৪৫) সুস্মিতা দাস (২০)-সহ আরও তিনজনকে আটক করা হয়েছে৷ তারা অপ্রাপ্তবয়স্ক৷ তাদের আগামীকাল আদালতে সোপর্দ করা হবে৷ দীতিময় চাকমার কথায়, তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, ওই ৯ জনের মধ্যে কয়েকজন ত্রিপুরার নাগরিক৷ অন্যরা তাদের সাথে বাংলাদেশ থেকে বেড়াতে এসেছেন৷ তবে তাদের কারোর কাছেই বৈধ কোনও কাগজ পাওয়া যায়নি৷
এদিকে, ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের অধীন কালাইগিরি চেতলাং সীমান্ত এলাকায় অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশি এবং একজন ত্রিপুরার নাগরিক বিএসএফ-এর হাতে ধরা পড়েছে৷ তাদের ইরানি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ পুলিশ জানিয়েছে, দুই বাংলাদেশি নাগরিক মাসুম মিয়াঁ (৩৩) ও মোহাম্মদ রশিদ (৫৫) এবং ত্রিপুরার নাগরিক ফকর উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে৷ তাদের কাছ থেকে আপত্তিকর কোনও সামগ্রী পাওয়া যায়নি৷ তবে ফকর উদ্দিনের কাছ থেকে ভারতীয় মুদ্রা ১,১০০ টাকা উদ্ধার হয়েছে৷ তাদেরকেও আগামীকাল আদালতে সোপর্দ করবে পুলিশ৷

