হর্নবিল উৎসব : উত্তর-পূর্বাঞ্চলবাসী একে অপরের উৎসবকে গ্রহণ করুক, চান মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারী৷৷ উত্তর-পূর্বাঞ্চলবাসী একে অপরের উৎসবকে গ্রহণ করার লক্ষ্যেই নাগাল্যান্ডের বিখ্যাত হর্নবিল উৎসব পালনের উদ্যোগ নেওয়া হয়েছে৷ এই অঞ্চলের সমস্ত রাজ্যের সংসৃকতির সাথে ত্রিপুরাবাসীর পরিচিতির এক ক্ষুদ্র প্রয়াস হিসেবে ওই উৎসব ত্রিপুরায় পালন করা হচ্ছে৷ শনিবার বড়মুড়া ইকো পার্কে হর্নবিল পয়েন্টের উদ্বোধন করে এ-কথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, শুধু নাগাল্যান্ড নয়, ত্রিপুরাও হর্নবিল উৎসব পালন করবে৷ এতে এই উৎসবের প্রতি আকর্ষণ বাড়বে৷


মুখ্যমন্ত্রী বলেন, বড়মুড়ায় ৮-১০টি পরিবার রয়েছে, যাঁরা হর্নবিল উৎসব পালন করছেন৷ এখন সরকারিভাবে এই হর্নবিল-এর প্রচার করা হবে৷ তাঁর কথায়, বড়মুড়া ইকো পার্কে হর্নবিল পয়েন্টের উদ্বোধন করা হয়েছে৷ তাছাড়া, পাঁচটি লগ হাটের উদ্বোধন করা হয়েছে৷ পর্যটন বিকাশে তা সহায়ক ভূমিকে নেবে৷ তিনি বলেন, ওই লগ হাটে থাকার জন্য অনলাইনে বুকিং করা যাবে৷


তাঁর দাবি, ত্রিপুরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর৷ তেমনি বড়মুড়া ইকো পার্ক এলাকায়ও প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করার যথেষ্ট সুযোগ রয়েছে৷ তাঁর কথায়, সপ্তাহান্তে ছুটি কাটাতে মানুষ এই লগ হাটে থাকতে পারবেন৷ প্রকৃতির সৌন্দর্য নির্জনতায় উপভোগ করতে পারবেন৷ সাথে রয়েছে বোটিং সুবিধা৷ তাই এখানে এসে মানুষ প্রচুর আনন্দ করতে পারবেন৷


মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় হর্নবিল উৎসব চালু করার ক্ষেত্রে পর্যটনে উন্নয়ন অন্যতম কারণ ঠিকই৷ কিন্তু, সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের সংসৃকতির সাথে ত্রিপুরাবাসীর পরিচিতির লক্ষ্যেই এই উৎসবের উদ্যোগ নেওয়া হয়েছে৷ তাঁর দাবি, শুধু নাগাল্যান্ড নয়, ত্রিপুরায়ও হর্নবিল উৎসব পালিত হলে তার আকর্ষণ অনেক বাড়বে৷ আমরা চাইছি সমগ্র উত্তর-পূর্বাঞ্চলবাসী একে অপরের উৎসবকে গ্রহণ করুক, দৃঢ় প্রত্যয়ের সাথে বলেন মুখ্যমন্ত্রী৷