পার্কে ফস্টিনস্টি করে পালিয়ে গেল যুবক, মদ্যপ মহিলা ও নাবালিকা আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারী৷৷ রাজ্যের বিভিন্ন পার্ক গুলিতে কিভাবে অসামাজিক কাজ চলে তা ফের একবার প্রকাশ্যে আসলো রবিবারের ঘটনার ফলে৷ এইদিন উদয়পুরের ছনবন এলাকার দুই যুবক এক নাবালিকা ও এক মহিলাকে নিয়ে সাব্রুম মহকুমার কালাপানিয়া পার্কে ঘুরতে যায়৷ তবে নাবালিকার বক্তব্য থেকে দুই যুবক ও মহিলার উদ্দেশ্য নিয়ে জনমনে সন্দেহ দেখা দিয়েছে৷


কালাপানিয়া পার্কে যাওয়ার পর এক যুবক ও মহিলা পার্কের অভ্যন্তরে হাল্কা জঙ্গলে চলে যায়৷ সেখানে তারা অসামাজিক কাজে লিপ্ত হয়৷ দীর্ঘ সময় জঙ্গলের অভ্যন্তরে অসামাজিক কাজ চালানোর পর তারা সেখান থেকে আসে৷ পরবর্তী সময় চারজন পার্কের অদূরে একটি হোটেলে যায়৷ সেখানে ঐ মহিলা ও এক যুবক মদ্যপান করে৷ তারপরই তাদের মাতলামি শুরু৷ বাড়ি ফিরার উদ্দেশ্যে তারা ভাড়া করা গাড়িতে করে পুনরায় উদয়পুরের উদ্দেশ্যে রওয়ানা হয়৷ কিন্তু গাড়ির অভ্যন্তরে ঐ মহিলা ও যুবকের মধ্যে কোন একটি বিষয় নিয়ে বিবাদ হয়৷ তারপর শহিদ ধনঞ্জয় পার্কের অদূরে সাব্রুম-আগরতলা জাতীয় সড়কে নাবালিকা ও ঐ মহিলাকে ফেলে রেখে পালিয়ে যায় দুই যুবক৷ স্থানীয়দের নজরে পড়ে বিষয়টি৷


সাথে সাথে খবর দেওয়া হয় জোলাইবাড়ি ফাঁড়ি থানার পুলিশকে৷ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ৷ পুলিশ ঘটনাস্থল থেকে নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ কিন্তু ঐ মহিলা রাস্তার পাশে কোথাও গা ঢাকা দেয়৷ পরবর্তী সময় মহিলা ফের প্রকাশ্যে আসে এবং রাস্তার উপর মাতলামি শুরু করে৷ তখন স্থানীয়রা পুনরায় পুলিশকে খবর দেয়৷ পুলিশ পুনঃরায় ঘটনাস্থলে গিয়ে ঐ মহিলাকে মদমত্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ পরে নাবালিকা সংবাদ প্রতিনিধিদের জানায় ঐ মহিলা ও এক যুবক পার্কের অভ্যন্তরে অসামাজিক কাজে লিপ্ত হয়েছিল৷ এমনকি তারা একটি হোটেলে বসে মদ্যপানও করেছে৷
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷ বিভিন্ন মহল থেকে দাবি উঠছে পার্ক গুলির অভ্যন্তরে নজরদারি বৃদ্ধির৷ কারন এইদিনের ঘটনা প্রমান করে দিল পার্ক গুলির অভ্যন্তরে অসামাজিক ক্রিয়াকলাপ চলে৷ এখন দেখার কি ব্যবস্থা গ্রহণ করা হয়৷ এইদিকে জোলাইবাড়ি ফাঁড়ি থানার পুলিশ নাবালিকা ও ঐ মহিলার পরিবারের লোকজনদের সাথে যোগাযোগ করে তাদেরকে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়ার প্রয়াস চালাচ্ছে বলে খবর৷