মুম্বাই, ১৬ জানুয়ারি (হি. স.) : আমেরিকা ও চিনের মধ্যে বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হতেই রেকর্ড করল সেনসেক্স। বৃহস্পতিবার বাজার খুলতেই সেনসেক্স ৪২০০০ এর ঘর ছাড়িয়ে যায়। রেকর্ড করেছে নিফটিও।
এদিন সেনসেক্স ১২৭.৬৫ শতাংশ বেড়ে ৪২০০৯.৯৪ এর ঘরে পৌঁছে যায়। পরে তা সামান্য নেমে পৌঁছায় ৪২০০০.৩৮ এর ঘরে। নিফটি ২৮.৪৫ পয়েন্ট বেড়ে ১২৩৭৭.৮০ এর ঘরে পৌঁছায়। এদিন যে কোম্পানিগুলির শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে, তার মধ্যে আছে সান ফার্মা। তার শেয়ারের দাম ১.৩০ শতাংশ বেড়েছে। পাশাপাশি নেসলে ইন্ডিয়া, এইচইউএল, কোটাক ব্যাঙ্ক, আলট্রাটেক সিমেন্ট, বাজাজ অটো এবং ভারতী এয়ারটেলের শেয়ারের দামও বেড়েছে।
এর পাশাপাশি যে কোম্পানিগুলির শেয়ারের দর কমেছে, তার মধ্যে আছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, টাটা স্টিল, এনটিপিসি, টাইটান, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, টেক মাহিন্দ্রা, ওএনজিসি এবং এশিয়ান পেন্টস। পর্যবেক্ষকদের মতে, আমেরিকা ও চিনের মধ্যে বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হতে বিশ্ব জুড়ে বিনিয়োগকারীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। টোকিও এবং সাংহাইতেও এদিন শেয়ার বাজার যথেষ্ট তেজি ছিল। আমেরিকায় ওয়াল স্ট্রিটেও সূচক উঠেছে বেশ খানিকটা। অপরিশোধিত তেলের দাম ০.৬১ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের দাম এখন ৬৪.৩৯ মার্কিন ডলার। স্টক এক্সচেঞ্জ থেকে দেওয়া তথ্যে জানা গিয়েছে, এদিন বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মোট ২৭৯.৫৩ কোটি টাকার ইকুইটি কিনেছেন। অন্যদিকে দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিক্রি করেছেন ৬৪৮.৩৪ কোটি টাকার শেয়ার।



















