স্টেশনে দাঁড়ানো ট্রেনে ইঞ্জিনের ধাক্কা, দুমড়ে-মুচড়ে গেছে বগি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ গাফিলতির কারণে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছেন রেল যাত্রীরা৷ শনিবার ধর্মনগর স্টেশনে দাঁড়িয়ে থাকা ধর্মনগর-শিলচর ট্রেনে পেছন থেকে একটি রেলের ইঞ্জিনের ধাক্কায় পেছনের বগি দুমড়ে-মুচড়ে গেছে৷ ঘটনার খবর পেয়ে ছুটে সাংবাদিকরা৷ তাঁরা হুমকির মুখে পড়েন৷ রেল কর্মীরা এ ঘটনা সম্পর্কে মুখে কুলুপ এঁটেছেন৷


আজ ভোর ৫-টা নাগাদ ধর্মনগর রেলস্টেশনে বিকট আওয়াজে অপেক্ষমান যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছিল৷ পরে খোঁজ নিয়ে জানা গেছে, শান্টিং করার সময় রেলের একটি ইঞ্জিন স্টেশনে দাঁড়িয়ে থাকা শিলচরগামী ট্রেনের বগিতে সজোরে ধাক্কা মেরেছে, এতে একটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে৷


এদিন ধর্মনগর স্টেশনের ১ নম্বর লাইনটি খালি রাখা ছিল দূরপাল্লার ট্রেনের জন্য৷ ৩ নম্বর লাইনে দাঁড়ানো ছিল ধর্মনগর-আগরতলা প্যাসেঞ্জার ট্রেন৷ ২ নম্বর লাইনে দাঁড়ানো ছিল ধর্মনগর-শিলচর প্যাসেঞ্জার৷ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, হঠাৎ রেলের একটি ইঞ্জিন ২ নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা ধর্মনগর- শিলচর প্যাসেঞ্জার ট্রেনে ধাক্কা মারে৷ বিকট আওয়াজ হয়৷ ইঞ্জিনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া অন্তিম বগিতে মালপত্র ছিল, তাই কোনও যাত্রী আহত হননি৷


এ-বিষয়ে খোঁজ নিতে গেলে রেল কর্মীরা সাংবাদিকদের সাথে অভব্য আচরণ করেন৷ দুর্ঘটনার কারণ জানানোর বদলে তাঁরা খবর প্রকাশ না করার জন্য হুমকি দেন৷ শুধু তা-ই নয়, খবর প্রকাশিত হলে মামলা করা হবে বলেও তাঁরা ভয় দেখিয়েছেন৷ স্টেশনে উপস্থিত যাত্রীদের বক্তব্য, রেল কর্মীদের গাফিলতির ফলে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা ছিল৷ অল্পেতে তাঁরা বেঁচেছেন৷ গাফিলতি শুধরানোর বদলে তাঁরা দোষ ঢাকতেই ব্যস্ত হয়ে পড়েছেন, ক্ষোভের সুরে বলেন যাত্রীরা৷