অসমে চালু হল মোবাইল ইন্টারনেট পরিষেবা, শান্তির বার্তা সর্বানন্দর

গুয়াহাটি, ২০ ডিসেম্বর (হি.স.): অবশেষে স্বস্তি পেলেন অসমের মানুষজন| টানা ১০ দিন বন্ধ থাকার পর শুক্রবার, ২০ ডিসেম্বর থেকে সমগ্র অসমজুড়ে চালু হয়ে গেল মোবাইল ইন্টারনেট পরিষেবা| সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর প্রতিবাদে কিছুদিন আগেই উত্তাল হয়ে উঠেছিল উত্তর-পূর্বের রাজ্য অসম| অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গত ১১ ডিসেম্বর থেকে অসমজুড়ে বন্ধ করে দেওয়া হয়েছিল মোবাইল ইন্টারনেট পরিষেবা| অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরেছে অসম| তাই শুক্রবার থেকেই চালু করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা| অসম প্রশাসন সূত্রের খবর, শুক্রবার সকাল ন’টা থেকেই মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু করে দেওয়া হয়েছে সমগ্র অসমজুড়ে|

অসম ছন্দে ফিরলেও, যে কোনও মুহূর্তে ফের অশান্ত হয়ে উঠতেই পারে| তাই জনগণকে শান্ত থাকার পাশাপাশি আশ্বস্তও করেছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল| শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘কোনওভাবেই অসমের সম্মানহানি হবে না| শান্তির পথে আমরা এগিয়ে যাব|’ মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘আমি প্রত্যেককে আশ্বস্ত করতে চাই, অসমের ভূমিপুত্রের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না, আমাদের ভাষা অথবা পরিচয় কেউ কেড়ে নিতে পারবে না|’