সিএএ আগে ভাল করে পড়ুক বিক্ষোভরত পড়ুয়ারা, পরামর্শ অমিতের

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.) : নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার জন্য নয়। দেওয়ার জন্য নাগরিকত্ব সংশোধনী আইন প্রণয়ন করা হয়েছে। বুধবার দেশবাসীকে ফের আশ্বস্ত করে এমনই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তাল দেশের বিভিন্ন অঞ্চল। এর বিরোধিতায় সরব দেশের একাধিক বিশ্ববিদ্যালয়। এমন পরিস্থিতিতে দেশবাসীকে আশ্বস্ত করে অমিত শাহ জানিয়েছেন, বিক্ষোভরত পড়ুয়াদের উচিত নাগরিকত্ব সংশোধনী আইনকে ভাল ভাবে পড়া। আইনটির কোথাও ভারতের সংখ্যালঘুদের নাগরিকত্ব নিয়ে কোনও কথা বলা হয়নি। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মের কারণে নিগৃহীত হয়ে ভারতে আসা সংখ্যালঘু উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার কথা আইনে বলা হয়েছে। বুধবার রাজধানী দিল্লির দ্বারকায় ভারত বন্দনা পার্কের উদ্বোধন করতে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জানিয়েছেন, সিএএ নিয়ে বিরোধীরা বিভ্রান্ত ছড়াচ্ছে। কংগ্রেস সহ বিরোধী দলগুলিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিরোধী দলগুলি যত খুশি বিরোধিতা করে করুক। উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ মোদী সরকার। নেহেরু-লিয়াকত চুক্তির প্রসঙ্গে বলতে গিয়ে অমিত শাহ জানিয়েছেন, নেহরু-লিয়াকত চুক্তির আগে সঠিক ভাবে পালন করা হয়নি। কিন্তু নরেন্দ্র মোদী এই চুক্তি পালন করে কয়েক লক্ষ উদ্বাস্তুদের আশ্রয় দিয়েছেন।

বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে অমিত শাহ জানিয়েছেন, গোটা দেশবাসী প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং আয়ুষ্মান ভারত থেকে উপকৃত হয়েছেন। আগামী বছর দিল্লি বিধানসভা নির্বাচন সেদিকে লক্ষ্য রেখে অমিত শাহ জানিয়েছেন, দিল্লির উন্নয়নের জন্য হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। নাম না করে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করে তিনি জানিয়েছেন, নির্বাচনের প্রাক মুহূর্তে কোনও প্রকল্প ঘোষণা করলে, তা কোনওদিনই সঠিক ভাবে কার্যকর করা যায় না।