News Flash

  • Home
  • Uncategorized
  • নাগরিকত্ব সংশোধনী বিলে তীব্র আপত্তি জেনে রাজ্যবাসীকে বোঝানোর চেষ্টা রাম মাধবের
Image

নাগরিকত্ব সংশোধনী বিলে তীব্র আপত্তি জেনে রাজ্যবাসীকে বোঝানোর চেষ্টা রাম মাধবের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ সংসদের শীতকালিন অধিবেশনে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করাতে দৃঢ় মনস্থ হয়েছে কেন্দ্রীয় সরকার৷ স্বাভাবিক ভাবেই এই বিল নিয়ে মানুষের স্নায়ুর চাপ মেপে নেওয়াটাও জরুরী বলে মনে করছে বিজেপি৷ আজ একদিনের ঝটিকা সফরে রাজ্যে এসে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব উপজাতি ভিত্তিক আঞ্চলিক দলগুলির সাথে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে কথা বলেছেন৷ তাদের ভাবাবেগ বোঝার চেষ্টা করেছেন৷ একই সাথে দলের নেতাদেরও বক্তব্য জেনে নিয়েছেন৷ নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে শাসক জোট উপজাতি ভিত্তিক আঞ্চলিক দল আইপিএফটি এবং বিরোধী আইএনপিটি বিরোধীতা করেছে৷

শুধু তাই নয়, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মনও নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে তাঁর কাছে আপত্তি জানিয়েছেন৷ তাই আজ সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শারদ সম্মান অনুষ্ঠানে রাম মাধব নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে সকলকে নিশ্চিন্তে থাকতে অভয় দিয়েছেন৷ তাঁর দাবি, প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যালঘুদের ভারতে নাগরিকত্ব প্রদানের মাধ্যমে দেশের ঐতিহ্যকে বজায় রাখা হবে৷ একই সাথে উত্তর পূর্বাঞ্চলের বিশেষ করে ত্রিপুরার জনজাতি ও স্থায়ী নাগরিকদের অধিকার খর্ব করা হবে না৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে সকলকে নিশ্চিন্তে থাকতে বলেছেন৷


সামনেই এডিসি নির্বাচন৷ ফলে, নির্বাচনের আগে উপজাতি মহল্লায় দলের ভিত মজবুত হয়েছে কি না তা যাচাই করে নেওয়াও প্রয়োজন বলে মনে করেছে বিজেপি৷ তবে, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ত্রিপুরার মতামত জেনে নেওয়া বিজেপির জন্য খুবই গুরুত্বপূর্ণ৷ উত্তর পূর্বাঞ্চলের পার্বতী রাজ্য ত্রিপুরা জনজাতি অধ্যুষিত অঞ্চল বলেও পরিচিত৷ ফলে, নাগরিকত্ব সংশোধনী বিল জনজাতি ভাবাবেগকে কতটা নাড়িয়েছে তা বুঝে নিতেই এসেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব, এমনটাই মনে করা হচ্ছে৷ এদিন তিনি রাজ্য অতিথিশালায় দলের শীর্ষ নেতৃত্বদের সাথে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন৷ তাদের আলোচ্য বিষয়ে সাংগঠনিক ও এডিসি নির্বাচনও প্রাধান্য পেয়েছে বলে সূত্রের দাবি৷ দলীয় নেতাদের সাথে বৈঠক শেষে রামমাধব শাসক জোট আইপিএফটি এবং আইএনপিটির কাছ থেকে নাগরিকত্ব সংশোধনী বিল সম্পর্কে মতামত জেনেছেন৷ প্রদেশ কংগ্রেস প্রাক্তন সভাপতি প্রদ্যুৎ কিশোরও এই বিল নিয়ে মতামত জানিয়েছেন তাঁর কাছে৷


এদিন আইপিএফটির সাধারণ সম্পাদক তথা উপজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতা করেছে আইপিএফটি৷ তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল এবং এনআরসি ইস্যুতে দিল্লীতে সবিস্তারে আলোচনা হবে বলে স্থির হয়েছে৷ ওই আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকবেন৷ মেবার কুমার জমাতিয়ার কথায়, ১৯৪১, ১৯৫১ এবং ১৯৭১ এ প্রতিবেশী রাষ্ট্র থেকে বহু নাগরিক ত্রিপুরায় এসেছেন৷ নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হলে ত্রিপুরায় জনজাতিরা আরও সংখ্যালঘু হয়ে পড়বে৷ তাঁর ধারণা, রাজ্যের ত্রিশ শতাংশ জনসংখ্যা থেকে জনজাতিরা কমে কুড়ি শতাংশে পৌঁছাবে৷ তাঁর মতে, ত্রিপুরা এমনিতেই অতি জনাকীর্ণ৷ ফলে, প্রতিবেশী রাষ্ট্র থেকে নাগরিকদের এরাজ্যে নাগরিকত্ব দেওয়া হলে ত্রিপুরার ভারসাম্য নষ্ট হবেই৷ তিনি জানান, সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পেশ হওয়ার আগে উত্তর পূর্বাঞ্চলের জনজাতি নেতা ও বুদ্ধিজীবীদের নিয়ে কেন্দ্রীয় সরকার বৈঠক করবে বলে মনে হচ্ছে৷


এদিকে, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রদ্যুৎ কিশোর জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আবারও রাম মাধবের কাছে আপত্তি জানিয়েছি৷ ওই বিল সংসদে পেশ করার আগে রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে আলোচনা করা হোক, ওই দাবী রাম মাধবের কাছে জানানো হয়েছে৷ তিনি বলেন, আইএনপিটিও নাগরিকত্ব সংশোধনী বিলের তীব্র বিরোধীতা করেছে৷
আজ দিনভর নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে এই রাজ্যের মানুষের ভাবাবেগ বুঝেছেন রাম মাধব৷ তাই এদিন সন্ধ্যায় আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শারদ সম্মান অনুষ্ঠানে তিনি রাজ্যবাসীকে আশ্বস্থ করেছেন, প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদানে এ রাজ্যের জনজাতি ও স্থায়ি নাগরিকদের অধিকার খর্ব করা হবে না৷ এদিন তিনি বলেন, নাগরকিত্ব সংশোধনী বিল খুবই গুরত্বপূর্ণ৷

বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভূটান থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, শিখ ও পার্সি জাতির নাগরিকদের এদেশে নাগরিকত্ব প্রদানে সংশোধনী বিল সংসদে পেশ হতে চলেছে৷ তিনি বলেন, এদেশে তাঁদের আতিথেয়তা ভারতের কর্তব্য৷ দুই হাজার বছরের ওই ঐতিহ্যই নাগরিকত্ব সংশোধনী বিলের মাধ্যমে বজায় রাখা হবে৷ তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল ভারতের জনতত্বে কোনও প্রভাব ফেলবে না৷ তাঁর দাবি, ভারতের কৃষ্টি, সংসৃকতি, ভাষা ও সামাজিক সৌভ্রাতৃত্বেও ওই বিল কোনও প্রভাব ফেলবে না৷ প্রত্যেকটি বিষয়ের সুরক্ষা সুনিশ্চিতের মাধ্যমেই নাগরিকত্ব সংশোধনী বিল আনা হচ্ছে৷


এদিন তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করার ক্ষেত্রে ত্রিপুরার বিষয়টিও মাথায় রেখেছে কেন্দ্রীয় সরকার৷ তাঁর কথায়, ১৯৭১ এ সমসাময়িক কালে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে প্রচুর মানুষ এই রাজ্যে এসেছেন৷ তাঁর দাবি, তাঁদের নাগরিকত্ব সুনিশ্চিত করার জন্যই ওই বিল আনতে চাইছে কেন্দ্রীয় সরকার৷ একই সাথে জনজাতিদের অধিকারও সুরক্ষিত রাখার জন্য ভেবেছে কেন্দ্রীয় সরকার৷ তিনি আশ্বস্থ করেন, এই রাজ্যের জনজাতিদের অধিকারে কোন হস্তক্ষেপ করা হবে না৷ কেন্দ্রীয় সরকার এই বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল৷ তাঁর সাফ কথা, প্রতিবেশী রাষ্ট্রের শরণার্থীদের এদেশে নাগরিকত্ব প্রদান করা হবে, কিন্তু দেশের বর্তমান নাগরিকদের ক্ষতিগ্রস্তের বিনিময়ে নয়৷


এদিকে, ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও রাজ্যবাসীকে আশ্বস্থ করেছেন নাগরিকত্ব সংশোধনী বিলে একজনও ক্ষতিগ্রস্ত হবেন না৷ বরং ওই বিল দেশ ও রাজ্যের নিরাপত্তা সুনিশ্চিত করবে৷

Releated Posts

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

দিল্লিতে ঘন কুয়াশার ‘কমলা’ সতর্কতা, পারদ নামল ৬ ডিগ্রিতে

নয়াদিলি, ১৫ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে ঘন থেকে অতি ঘন কুয়াশার ‘কমলা’ সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর…

ByByadmin Jan 15, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top