বর্ষা বিদায় নিতে লাগবে আরো কয়েকদিন, বৃষ্টিতে স্বাভাবিক জীবনে ছন্দপতন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চল থেকে বর্ষা বিদায় নিতে লাগবে আরও কয়েকদিন৷ কিন্তু, বিদায়বেলায় টানা বর্ষণে উৎসবের আমেজ কাটতেই ছন্দপতন ঘটল স্বাভাবিক জীবনে৷ ত্রিপুরার রাজধানী আগরতলায় আজ সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ৫০.৮ এমএম বৃষ্টিপাত হয়েছে৷ একই অবস্থা সারা রাজ্যেরই, আবহাওয়া রিপোর্টে এমনটাই প্রকাশিত হয়েছে৷


মৌসম বিভাগের জনৈক আধিকারিকের কথায়, এবছর বর্ষা নির্দিষ্ট সময়ের অনেকটা দেরিতে ভারত থেকে বিদায় নেবে৷ তবে, ইতিমধ্যে দেশের কিছু কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিতে শুরু করেছে৷ তিনি জানান, আজ পঞ্জাবের, উত্তর প্রদেশের, পশ্চিমবঙ্গের, পূর্ব রাজস্থানের কিছু অংশে, পশ্চিম রাজস্থানের অধিকাংশ অংশ এবং হরিয়ানা থেকে বর্ষা বিদায় নিয়েছে৷ ত্রিপুরা সহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চল থেকে বর্ষা বিদায় নিতে আরও কয়েকদিন দিন সময় লাগবে৷


আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, ত্রিপুরায় আগামী চারদিন হাল্কা এবং মাঝারি বৃষ্টিপাত হবে৷ অবশ্য, উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যেও একইভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ গত চবিবশ ঘন্টায় শুধু আগরতলায় ১০.৪ এমএম বৃষ্টিপাত হয়েছে৷ মৌসম বিভাগের ওই আধিকারিকের কথায়, গঙ্গোত্রী পশ্চিমবঙ্গ ও ওড়িশা এবং বাংলাদেশে সৃষ্টি ঘূর্ণাবর্তের জেরেই ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে৷ তবে, আজকেই ওই ঘূর্ণাবর্তের গতিমুখ পরিবর্তন হয়ে অন্যত্র চলে যাবে৷ কিন্তু, এর রেশ কয়েকদিন থাকবে বলে জানিয়েছেন তিনি৷


এদিকে, উৎসবের আমেজ কাটতেই বাইরে বেরুতে গিয়ে বৃষ্টির কারনে ছন্দপতন ঘটেছে স্বাভাবিক জীবনে৷ টানা বর্ষণে অফিসমুখী কর্মচারীরা সমস্যার মুখে পড়েছেন৷ এছাড়াও, সাধারণ মানুষ বৃষ্টির জন্য চলাফেরা করতে গিয়ে মুশকিলে পড়েছেন৷ ফলে, আগরতলার রাস্তাঘাট দিনের বেলাতেই কার্যত জনমানব শূন্য হয়ে রয়েছে৷ সপ্তাহটা এইভাবেই কাটবে বলেই মনে হচ্ছে, দীর্ঘশ্বাস ফেলে বললেন জনৈক রিক্সা চালক৷ তিনি জানিয়েছেন, আজ সারাদিনে রোজগার খুব একটা হয়নি৷ ফলে, উৎসবের শেষে প্রকৃতির প্রকোপে ত্রিপুরায় বিষাদের ছায়া আরও প্রকট হবে বলেই মনে হচ্ছে৷