নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ বামফ্রন্ট সরকারের সময়ে পূর্ত দপ্তরে যে আর্থিক দুর্নীতি হয়েছে তার সঠিক তদন্ত করে দোষীদের শাস্তি প্রদানের দাবি সহ মোট ১৫ দফা দাবিকে সামনে রেখে পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার রাজধানীতে যুব র্যালি সংগঠিত করলো ভারতীয় জনতা যুব মোর্চা৷ যুব র্যালি শুরুর আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যুবক যুবতিরা রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সন্মুখে সমবেত হয়৷ সেখান থেকে শুরু হয় সুবিশাল যুব র্যালি৷ র্যালিটি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে৷ র্যালির অগ্রভাগে ছিলেন যুব মোর্চার প্রদেশ সভাপতি টিঙ্কু রায়, প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক রাজিব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা৷

এইদিনের যুব র্যালিতে সামিল হয়ে প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক রাজীব ভট্টাচার্য আইনশৃঙ্খলা ইস্যুতে কমিউনিস্টদের একহাত নেন৷ তিনি বলেন কমিউনিস্টরা রাজ্যে গণতন্ত্র নেই বলে প্রচার করছে৷ কমিউনিস্টদের যুব সংগঠন কিছুদিন পূর্বে রাজধানীতে মিছিল সংগঠিত করেছে৷ রাজ্যে যদি গণতন্ত্র না থাকতো তাহলে তারা কি করে মিছিল সংগঠিত করেছে৷ এই নিয়ে প্রশ্ণ তোলেন তিনি৷ তিনি আরও বলেন ২০১৮-র বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপির ১১ জন কর্মীকে হত্যা করেছে কমিউনিস্টরা৷ তখন রাজ্যে গণতন্ত্রকে বার বার হত্যা করা হয়েছে৷ ফলে মানুষ ২০১৮-র নির্বাচনে কমিউনিস্টদের উচিত শিক্ষা দিয়েছে৷ বিধানসভা, লোকসভা এমনকি পঞ্চায়েত নির্বাচনেও কংগ্রেস ও কমিউনিস্টদের উচিত শিক্ষা দিয়েছে রাজ্যের মানুষ৷ তিনি আরও বলেন এইদিনের যুব র্যালি প্রমাণ করে যে আশা নিয়ে যুবকরা ২০১৮-র নির্বাচনে পরিবর্তন করেছিল দেড় বছরে সরকার তাদের জন্য চিন্তা ভাবনা করছে৷
আগামি ৫ বছর সরকার এই রাজ্যের যুবকদের কল্যাণে কাজ করবে বলেও তিনি আশা ব্যক্ত করেন৷
অপরদিকে যুব মোর্চার প্রদেশ সভাপতি টিঙ্কু রায় দেড় বছরে সরকার রাজের মানুষের জন্য যে জনকল্যাণমুখী কাজ করেছে তার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানান৷ তিনি বলেন আশা রয়েছে সরকার ৫ বছরে যুবদের জন্য অনেক কিছু করবে৷ অল্প দিনের সরকার৷ অথচ কমিউনিস্টরা চাকুরি নিয়ে চিৎকার করছে৷ বর্তমান সরকারের সময়ে প্রায় দুই হাজারের অধিক চাকুরি হয়েছে৷ নতুন করে ইন্টারভিউ ডাকা হয়েছে৷ অথচ ২৫ বছরের সরকার ৫০ হাজার চাকুরি দিতে পারেনি৷
আর তারাই যুবকদের নিয়ে চিৎকার দিচ্ছে৷ এই সরকারের সময় প্রায় ৬০০ মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে৷ আনারস রপ্তানি করা হয়েছে, রাবারের উপর কাজ করা হচ্ছে৷ সরকার সকল দিকে কাজ করছে৷ তার জন্য তিনি সরকারকে ধন্যবাদ জানান৷ পাশাপাশি তিনি যুব মোর্চার বিভিন্ন দাবি গুলি সংবাদ প্রতিনিধিদের সামনে তুলে ধরেন৷রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এইদিনের সুবিশাল যুব র্যালিটি গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়৷

