নর্থ ব্লকে অমিত-মমতা সাক্ষাত্, বৈঠকে উঠে এল এনআরসি-সহ একাধিক ইস্যু

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের ২৪ ঘন্টার মধ্যেই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| বৃহস্পতিবার দুপুরে নর্থ ব্লকে বৈঠকে বসেন অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়| প্রায় আধ ঘন্টার বৈঠকে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-সহ একাধিক ইস্যু উঠে এসেছে| বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি একটি চিঠি দিয়েছি, এনআরসি-র জন্য অসমে ১৯ লক্ষের নাম বাদ গিয়েছে| তাঁদের মধ্যে বাঙালি, হিন্দিভাষী ও গোর্খারাও রয়েছেন| বহু প্রকৃত ভোটাররা বাদ পড়েছেন| এই বিষয়টি খতিয়ে দেখা উচিত| আমি একটি অফিসিয়াল চিঠি জমা দিয়েছি|’

অসম এনআরসি নিয়ে আলোচনা  হলেও, পশ্চিমবঙ্গে এনআরসি নিয়ে অমিত-মমতার মধ্যে কোনও আলোচনা হয়নি| মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন, ‘পশ্চিমবঙ্গে এনআরসি সম্পর্কে কিছুই বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী| আমার অবস্থান স্পষ্ট করে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছে, বাংলায় নাগরিক পঞ্জির কোনও প্রয়োজন নেই|’ প্রসঙ্গত, বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়| প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের ২৪ ঘন্টার মধ্যেই, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়|