নাবালিকার শ্লীলতাহানি, গ্রেফতার পঞ্চশোর্ধ ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্ঢেম্বর৷৷ নাতনিসম নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে পঞ্চাশোর্ধ এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন পূর্ব হুরুয়া গ্রাম পঞ্চায়েতে সংগঠিত ওই ঘটনায় আবারও সামাজিক অবক্ষয়কেই ফুটিয়ে তুলেছে৷


ধর্মনগর মহিলা থানার পুলিশ জানিয়েছে, হুরুয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা লক্ষ্মীতাঁতি নাথ (৫১)কে প্রতিবেশী নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে৷ জানা গেছে, মঙ্গলবার লক্ষ্মীতাঁতি নাথ তার প্রতিবেশী এক নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান৷ নিজের বাড়িতে ডেকে নিয়ে নাবালিকাটিকে শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ উঠেছে৷ শুধু তা-ই নয়, এই ঘটনা কাউকে জানালে তাকে ধর্ষণের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে৷


ওই নাবালিকার পরিবারের সদস্যদের বক্তব্য, গতকাল সকালে লক্ষ্মীতাঁতির বাড়ি থেকে ঘরে ফিরেই সুকল ড্রেস পরে বেরিয়ে যায় তাদের মেয়ে৷ মহরমের ছুটি থাকা সত্ত্বেও সুকলে কেন গেল বিষয়টি প্রথমে তাদের নজরে আসেনি৷ অনেক সময় কেটে যাওয়ার পর তারা টের পান ছুটির দিনে মেয়ে কেন সুকলে গিয়েছে৷ সঙ্গে সঙ্গে তারা চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন৷ অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় রাস্তার এক নির্জনস্থানে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে৷ তার এক প্রতিবেশী মহিলা সেখান থেকে তাকে বাড়ি পৌঁছে দেয়৷ গতকাল বাবা-মাকে কিছু জানায়নি ওই নাবালিকা৷


কিন্তু আজ সকালে সৎমা তাকে মনমরা হয়ে থাকার পেছনে কারণ জানতে চাওয়ায় শ্লীলতাহানির ঘটনা তুলে ধরে নাবালিকা৷ সঙ্গে সঙ্গে তাকে ধর্মনগর মহিলা থানায় নিয়ে যাওয়া হয়৷ প্রতিবেশী লক্ষ্মীতাঁতি নাথের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৫৪ ধারা এবং পক্সো আইনের ৮ ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়েছে৷ এদিকে, স্থানীয় জনগণ এই ঘটনা জানতে পেরে লক্ষ্মীতাঁতিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন৷