কিশত্বরে গভীর খাদে মিনিবাস পড়ে গিয়ে মৃত্যু ৩৫ জন যাত্রীর, শোকস্তব্ধ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রীনগর, ১ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের কিশত্বর জেলায় পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি মিনিবাস| সোমবার সকালের ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ‘অভিশপ্ত’ ওই মিনিবাসের আরোহী ৩৫ জন যাত্রীর| এছাড়াও কমপক্ষে ১৭ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন| তাঁদের মধ্যে ৩ জনকে আকাশপথে জম্মুর হাসপাতালে ভর্তি করা হয়েছে| পুলিশ সূত্রের খবর, সোমবার সকালে কেশওয়ান থেকে কিশত্বর অভিমুখে আসছিল যাত্রীবোঝাই একটি মিনিবাস (রেজিস্ট্রেশন নম্বর : জে কে ১৭ ৬৭৮৭)| সকাল তখন ৮.৪০ মিনিট হবে, কিশত্বর জেলার কেশওয়ান এলাকায় পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় যাত্রীবোঝাই মিনিবাসটি| ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩৫ জন যাত্রীর| এছাড়াও আরও ১৭ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন|

কিশত্বর-এর ডেপুটি কমিশনার এ সিং রানা জানিয়েছেন, কিশত্বর-এ মিনিবাস দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে| স্থানীয় বাসিন্দা, পুলিশ কর্মী-আধিকারিক ও জেলা প্রশাসনের কর্তাদের সহায়তায় ১৭ জনকে উদ্ধার করা হয়েছে| তাঁদের মধ্যে ৩ জনকে আকাশপথে জম্মু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে| প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে| কী  কারণে দুর্ঘটনার কবলে পড়ল মিনিবাসটি, তা তদন্ত করে দেখা হচ্ছে|

ভয়াবহ মিনিবাস দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| শোকবার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘কিশত্বরের দুর্ঘটনা হৃদয়-বিদারক| আমরা শোকস্তব্ধ, মৃতদের পরিবারের প্রতি সমবেদনা| আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক|’ শোকবার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ‘কিশত্বর-এ সড়ক দুর্ঘটনার ফলে প্রাণহানির খবর শুনে স্তব্ধ| প্রিয়জনদের যাঁরা হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা| আহতদের দ্রুত আরোগ্য কামনা করি|’ শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও| টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘কাশ্মীরের কিশত্বরে বাস দুর্ঘটনার কারণে মৃত্যুর খবর খুবই বেদনাদায়ক| মৃতদের পরিবারকে জানাই সমবেদনা| আহতদের দ্রুত আরোগ্য কামনা করি|’