পঞ্চায়েত ভোট : অন্তিম দফায় প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃতীয় তথা শেষ দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি৷ রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দেন প্রদেশ বিজেপির নির্বাচনী কমিটির চেয়ারম্যান তথা মন্ত্রী রতন লাল নাথ৷ ইতিমধ্যেই দুই ধাপে গ্রাম পঞ্চায়েতের ৬,১১১ টি আসনের মধ্যে ৫, ১৮৭ টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়৷


অন্যদিকে ৪১৯ টি পঞ্চায়েত সমিতির মধ্যে ২৮০ টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়৷ এবং ১১৬ টি জেলা পরিষদের মধ্যে ৮২ টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয় দুই ধাপে৷ এদিন অবশিষ্ট আসন গুলির প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রদেশ বিজেপির নির্বাচনী কমিটির চেয়ারম্যান তথা মন্ত্রী রতন লাল নাথ৷ এই ক্ষেত্রে কাজল কর নামে এক সফট ওয়ার ইঞ্জিনিয়ারের নাম রয়েছে৷

রাজ্যে ৫৮ টি ব্লকের মধ্যে নির্বাচন হচ্ছে ৩৫ টি ব্লকে৷ এই ৩৫ টি ব্লকের জন্য ৪০ জন অবজারভার নিয়োগ করা হয়েছে৷ নির্বাচন সংক্রান্ত যাবতীয় দায়িত্ব জেলা সভাপতি ও অবজারভারের হাতে ন্যস্ত করা হয়েছে৷ সুপ্রীম পাওয়ার দেওয়া হয়েছে তাদের হাতে বলে জানান তিনি৷ এদিকে সোমবার রাজ্যে আসছেন বিজেপি-র সাংগঠনিক মন্ত্রী অজয় জাম্বল৷
আগামী ৬ জুলাই থেকে শুরু হওয়া সভ্যপদ অভিযান সংগ্রহকে সামনে রেখে বিজেপির- প্রদেশ কার্যালয়ে বৈঠক করবেন তিনি৷ নির্বাচনে সকলের অংশ গ্রহণের আহ্বান জানান প্রদেশ বিজেপির নির্বাচনী কমিটির চেয়ারম্যান তথা মন্ত্রী রতন লাল নাথ৷ এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য্য, মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য প্রমুখ৷