নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন ৷৷ ফের ত্রিপুরায় মাদক বিরেরাধী অভিযানে বিএসএফ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে৷ সিপাহীজলা জেলার অধীন সোনামুড়া মহকুমায় কে কে নগর বিওপি এলাকায় ৯ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিএসএফ৷ যার বাজার মূল্য ৪৫ লক্ষ টাকা৷

বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়াারের জনসংযোগ আধিকারিক সঞ্জিব কুমার জানান, সোনামুড়া মহকুমায় কে কে নগর ভারত-বাংলা সীমান্তে টহল দেওয়ার সময় পাচারকারীদের গতিবিধি লক্ষ্য করেন বিএসএফ জওয়ানরা৷ তাদের পিছু ধাওয়া নিলে পাচারকারীরা সীমান্তের ওপারে পাচার চালিয়ে যাচ্ছিল৷ তখন বিএসএফ জওয়ানরা বাধ্য হয়ে পাম্প একশন গান থেকে শূণ্যে গুলি ছুড়েন৷ তাতে, পাচারকারীরা পাচার সামগ্রী ফেলে পালিয়ে যান৷ তিনি জানান, পরবর্তীতে এলাকায় তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের প্যাকেটে ৯ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন বিএসএফ জওয়ানররা৷ যার বাজার মূল্য ৪৫ লক্ষ টাকা৷ তিনি বলেন, ওই ইয়াবা ট্যাবলেটগুলি বিএসএফ যাত্রাপুর পুলিশের হাতে তুলে দিয়েছেন৷
সঞ্জিব কুমারের কথায়, সিপাহীজলা জেলায় প্রতিনিয়ত নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় প্রমানিত এই অঞ্চলটি পাচারকারীদের জন্য পাচারের মৃগয়াক্ষেত্রে পরিণত হয়েছে৷ তবে, মাদক বিরোধী অভিযান বিএসএফ এভাবেই চালিয়ে যাবে, বলেন তিনি৷

