ফের আমবাসায় বিক্ষোভের মুখেঅবরুদ্ধ বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারী৷৷ ফের অবরোধের মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷ আমবাসায় দলীয় কর্মসূচীতে অংশ নিতে যাওয়ার সময় তাঁকে অবরুদ্ধ করেন স্থানীয় যুবকরা৷ এই ঘটনায় বিজেপির সন্ত্রাসের নিন্দায় মুখর হয়েছে সিপিএম৷ অভিযোগ বিজেপির ইন্ধনেই বিরোধী দলনেতাকে অবরুদ্ধ করা হয়েছে৷ তাঁকে লক্ষ্য করে বিক্ষোভ দেখানো হয়েছে৷ বিরোধী দলনেতা মানিক সরকারও এই ঘটনার জন্য সরাসরি বিজেপিকে নিশানা করেছেন৷ আমবাসায় হাদুকলক এলাকায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে কয়েকশো যুবকের বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা মানিক সরকার৷
মঙ্গলবার সকালে দলীয় এক কর্মসূচিতে যোগ দিতে বিরোধী দলনেতা মানিক সরকার আমবাসা যান৷ আমবাসায় হাদুকলক এলাকায় তাঁর গাড়ি পৌঁছতেই তাঁকে ঘিরে ফেলেন কয়েকশো যুবক৷ তাঁরা ‘গো-ব্যাক মানিক’ বলে স্লোগান দিতে থাকেন৷ স্থানীয়দের একাংশের বক্তব্য, রোজভ্যালির টাকা ফেরতের দাবিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘেরাও করা হয়েছে আজ৷ জানা গেছে, আমবাসায় দলীয় কর্মসূচিতে যাওয়ার সময় প্রথমে হাদুকলকে কয়েকশও যুবক রাস্তা অবরোধ করে দেয়৷ পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয়৷ তখন বিরোধী দলনেতা মানিক সরকার আমবাসায় সিপিআইএম পার্টি অফিসে যান৷ কিন্তু সেখানে গিয়েও তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয়৷ সেখানে শতাধিক যুবক বিরোধী দলনেতাকে ঘেরাও করে রাখেন৷ তারা মানিক সরকারের কাছে রোজভ্যালির টাকা ফেরতের দাবি করেন৷


এই ঘটনায় বিজেপির ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছে সিপিএম৷
সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলীর তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আজ দুপুরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা এবং সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য কমরেড মানিক সরকার আগরতলা থেকে আমবাসা একটি সভায় যাচ্ছিলেন৷ সঙ্গে অন্য একটি গাড়িতে ছিলেন পার্টির রাজ্য সম্পাদক গৌতম দাশ ও রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য নারায়ণ রুপিনী৷ আমবাসা এর হাদুকলক এলাকায় পথ অবরোধ করে বিজেপি নামধারী কিছু সংখ্যক দুষৃকতি কমরেড মানিক সরকারের গাড়ি আটকানোর চেষ্টা করে৷ পুলিশ তাদের সরিয়ে দেয়৷ মানিক সরকার সহ পার্টি নেতৃবৃন্দ পার্টির জেলা অফিসে আমবাসা মহকুমা কমিটির সভায় যোগ দেন৷ হাদুকলক থেকে ফিরে এসে ওই দুষৃকতিকারীরাই আমবাসা পার্টি অফিসের সামনে হুজ্জুতি চালিয়ে সভা বানচালের চেষ্টা করে৷ প্রায় আধঘন্টা ধরে এরা মানিক সরকার গো ব্যাক ইত্যাদি নানা ধরনের উস্কানিমূলক স্লোগান দেয়৷ পার্টির আমবাসা মহকুমা কমিটির সভাপ যথারীতি অনুষ্ঠিত হয়৷


মানিক সরকার আজ আমবাসা ডাকবাংলোতে রাত্রিযাপন করে আগামীকাল লংতরাইভ্যালি মহকুমার গোবিন্দবাড়ি ও আশপাশ এলাকার অনাহারক্লিষ্ট উপজাতি গ্রামগুলোর অবস্থা দেখতে ও দুঃস্থ জনগণের সঙ্গে মতবিনিময় করতে যাওয়া একটি বিধায়ক টিমের নেতৃত্ব করবেন৷ বিধায়ক টিমের অন্যান্য সদস্যরা হলেন রতন ভৌমিক, মবস্বর আলী, যশবীর ত্রিপুরা৷ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মাও প্রতিনিধি দলের সঙ্গে থাকবেন৷
সিপিআই(এম) রাজ্য সম্পাদকমন্ডলী বিরোধী দলনেতার আমবাসা সফর বানচাল করার লক্ষ্যে বিজেপি কর্মীদের অগণতান্ত্রিক কাজের তীব্র নিন্দা জানিয়েছে৷ গোটা রাজ্য জুড়ে একাংশের বিজেপি কর্মীর এসব উশৃঙ্খল আচরণ ও ভয়ভীতি সন্ত্রাস সৃষ্টি করে গণকন্ঠ স্তব্ধ করার অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধে সোচ্চার হওয়ার জন্য পার্টি রাজ্যের শান্তি সম্প্রীতিকামী ও গণতন্ত্রপ্রেমী জনগণের প্রতি আহ্বান জানিয়েছে৷