নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি৷৷ রিয়াং শরনার্থী প্রত্যাবর্তন নিয়ে সমস্যা মিটছেই না৷ মিজোরামের বাসিন্দারা সে রাজ্যে যে সুযোগ সুবিধা পেয়ে থাকেন, কাঞ্চনপুরে বিভিন্ন ক্যাম্পে আশ্রিত রিয়াং শরনার্থীরাও স্বভূমে ফিরে গেলে একই সুযোগ সুবিধা পাবেন৷ কেন্দ্রের তরফে এই প্রতিশ্রুতি দেওয়া সত্বেও, অতিরিক্ত কিছু দাবি না মিটলে তাঁরা মিজোরামে ফিরবেন না বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিব মহেশ কুমার সিংলাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রিয়াং শরনার্থীরা৷ তবে, কেন্দ্রও এবার তাঁদের মিজোরামে প্রত্যাবর্তনে কঠোর অবস্থান নেবে তাও শ্রীসিংলা বুঝিয়ে দিয়েছেন৷ তাঁর কথায়, যেভাবেই হোক কাঞ্চনপুরে বিভিন্ন ক্যাম্পে আশ্রিত রিয়াং শরনার্থীদের মিজোরামে ফিরে যেতেই হবে৷
শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিব মহেশ কুমার সিংলা রাজ্যের এবং মিজোরাম সরকারের আধিকারীকদের সাথে রিয়াং শরনার্থী প্রত্যাবর্তন নিয়ে বৈঠক করেছেন৷ বৈঠক শেষে রিয়াং শরনার্থীদের সাথেও তাঁদের মিজোরামে ফিরে যাওয়ার বিষয়ে আলোচনা করেছেন৷ আগামীকাল কাঞ্চনপুরে আসাম রাইফেলস মাঠে রিয়াং শরনার্থীদের মধ্যে যাদের অষ্টম শ্রেণী উত্তীর্ণ থেকে শুরু করে স্নাতক যোগ্যতা রয়েছে, তাদের নাম নথিভুক্ত করা হবে৷ এদিন শরনার্থীদের আশ্বাস দেওয়া হয়েছে, মিজোরামে ফিরে গেলে সেখানে সে রাজ্যের বাসিন্দারা যেসমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন, তারাও সমস্ত কিছু একইভাবে পাবেন৷
কিন্তু, রিয়াং শরনার্থীরা মিজোরামে ফিরে যেতে ইচ্ছুক নন বলে স্পষ্ট জানিয়েছেন৷ তাঁদের বক্তব্য, কেন্দ্রের তরফে যে টাকা দেওয়া হবে, তা খুবই কম৷ তাছাড়াও আরো কয়েকটি দাবি রয়েছে তাঁদের৷ সে দাবিগুলি পূরণ করা না হলে, তাঁরা মিজোরামে ফিরে যাবেন না৷ কিন্তু, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিবও এদিন বুঝিয়ে দিয়েছেন, এখন তাঁদের নতুন করে কোন সুযোগ দেওয়া হবে না৷ তাঁদের যেসমস্ত সুযোগ সুবিধা প্রদান করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এর বাইরে অন্য কোন দাবি মেনে নেবে না কেন্দ্র৷ ফলে, ধারণা করা হচ্ছে, রিয়াং শরনার্থীদের প্রত্যাবর্তনে এবার কঠোর অবস্থান নেবে কেন্দ্র৷

