নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ রাজ্যে এসে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন পুদুচেরির মুখ্যমন্ত্রী

নারায়ণস্বামী৷ রাজ্যের বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আক্রমণ করলেও তিনি কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকারের বিরুদ্ধে বেশি সরব ছিলেন আজ৷ কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে তিনি বলেন, বেকারত্বের হার ত্রিপুরায় সব থেকে বেশি৷ অস্বাভাবিক মাত্রায় আত্মহতার ঘটনা ঘটে৷ মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা সর্বোচ্চ এই রাজ্যে৷ তাছাড়া মাদকদ্রব্যের অপব্যবহারের ঘটনাও রয়েছে৷ রাজ্যের বর্তমান বামফ্রন্ট সরকার তাদের উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে৷ সংশ্লিষ্ট বিষয়গুলিকে সামনে রেখে কংগ্রেস বিধানসভা নির্বাচনে ইস্তাহার প্রকাশ করেছে৷
তিনি বলেন, কংগ্রেস সরকার গড়লে সপ্তম বেতন কমিশন বাস্তবায়ন করা হবে৷ ১লা জানুয়ারী ২০১৬ কে ভিত্তি বছর ধরে এই অর্থ প্রদান করা হবে৷ একই সঙ্গে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদকে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করার ব্যবস্থা নেওয়া হবে৷ রাজ্যের প্রতিটি ক্ষেত্রে কংগ্রেসের ইস্তেহারে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তিনি৷ সেই সঙ্গে চিটফান্ডের কারণে ক্ষতিগ্রস্ত ১৪ লক্ষ আমানতকারীর অর্থ আইনি প্রক্রিয়ায় ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে৷ তিনি বলেন, রাজ্য সরকার রাজ্যের মানুষের আশা আকাঙ্খা পূরণে ব্যর্থ হেেয়ছে৷ তাদের উপর বীতশ্রদ্ধ রাজ্যের জনগণ৷ এক্ষেত্রে কংগ্রেসই প্রকৃতপক্ষে জনগণের আশা পূরণে সমর্থ৷
বিজেপির বিরুদ্ধে আক্রমণ করে নারায়ণ স্বামী বলেন, রাজ্যে পাহাড় ও সমতলের দুমুখী নীতি নিয়েছে বিজেপি৷ পৃথক রাজ্য ইস্যুতে তাদের অবস্থানেই তা স্পষ্ট করে দিয়েছে বলে দাবি করেন তিনি৷ এদিকে, কেন্দ্রে ক্ষমতায় আসার আগে নরেন্দ্র মোদি বেকারদের চাকরি দেওয়া কিংবা বিদেশ থেকে কালো ধন আনার বিষয়ে যে সব প্রতিশ্রুতি দিয়েছলেন তা কিছুই পূরণ হয়নি৷ ফলে প্রতিটি রাজ্যে তাদের জনাধার কমেছে৷ এ রাজ্যে বিজেপি যে ইস্তহার প্রকাশ করেছে তা বাস্তবায়ন করা সম্ভব হবে না৷ এটি বিজেপির স্বপ্ণ বলা যেতে পারে৷ স্বপ্ণ আর বাস্তব এক জিনিস নয়৷ তবে, নারায়ণ স্বামী সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস কয়টি আসন পাবে এ নিয়ে কোনও উত্তর দিতে পারেননি৷ এমনকি কংগ্রেস সরকার গঠনে সমর্থ হবে কি না তা নিয়ে কোনও উত্তর দিতে রাজি হননি৷

