নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ নির্মীয়মান পাকা ভবনের চারতলা থেকে মাটিতে পড়ে প্রাণ হারালেন এক শ্রমিক৷ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে শহরের অফিস লেইনে৷ নিহত শ্রমিকের নাম গৌতম রায়৷ বয়স ৩৫৷ বাড়ি শিলচরে৷ একটি বেসরকারী নির্মাণ সংস্থার অধীন তিনি কাজ করতেন৷ গত তিন বছর যাবৎ ঐ সংস্থার সাথে যুক্ত ছিলেন গৌতম রায়৷ অন্যান্য দিনের মতো সহকর্মীদের সাথে অফিস লেইনে একটি নির্মীয়মান পাকা ভবনে কাজ করছিলেন৷ আচমকা তিনি চারতলা থেকে মাটিতে পড়ে যান৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস স্টেশনে৷ দমকল কর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় নিয়ে যায় হাসপাতালে৷ সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জানান পথেই তার মৃত্যু হয়েছে৷ গৌতম রায়ের মর্মান্তিক মৃত্যুতে অন্যান্য শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷
2017-11-01

