নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৪ আগস্ট ৷৷ চড়িলামের রাজীব কলোনী এলাকায় দা দিয়ে কুপিয়ে এক ব্যাক্তিকে গুরুতর জখম করেছেনপ্রতিবেশি এক যুবক৷ অপর আরেকজনকে ঐ যুবক ধাক্কা মেরে মাটিতে ফেলে দিলে তার হাত ভেঙ্গে গিয়েছে৷ ঘটনা বৃহস্পতিবার সাতসকালে৷ অভিযুক্ত যুবকের নাম সুজিৎ রায় (৩২)৷ সুজিৎ লাকড়ি বিক্রি করে কোন রকমে দিন কাটান৷ অভাবের সংসার, তারপরও প্রতিদিন মদমত্ত অবস্থায় স্ত্রীকে সে মারধর করে৷ বুধবার সারাদিন এবং রাতেও সে তার স্ত্রীকে মারধর করেছে বলে অভিযোগ৷ বৃহস্পতিবারও ঠিক সাতসকালে প্রতিদিনকার মতো স্ত্রীকে মারধর করেন৷ যন্ত্রনায় স্ত্রী ছটফট করতে থাকেন এবং প্রতিবেশি মিহির মন্ডলের বাড়িতে গিয়ে আশ্রয় নেন৷ সুজিত তখন তার স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করার জন্য ছুটে যায় মিহির মন্ডলের বাড়িতে৷ মিহির মন্ডল সুজিতের স্ত্রীকে বাঁচাতে সামনে এগিয়ে আসলে তখন এলোপাথারী কুপাতে শুরু করে সুজিত৷ চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন পাশের বাড়ির এক মহিলা৷ তাঁর নাম সুনীতি দাস৷ সম্পর্কে মিহির মন্ডলের শ্যালকের স্ত্রী৷ কিন্তু তখন এলাকায় কুখ্যাত যুবক হিসেবে পরিচিত সুজিতের ধাক্কায় সুনীতি দাস মাটিতে লুটিয়ে পরেন৷ তাতে তার হাত ভেঙ্গে যায়৷ দায়ের কোপে মিহির মন্ডলও রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান৷ সঙ্গে সঙ্গে আহত দুজনকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এলাকাবাসী এই ঘটনার খবর জানান বিশালগড় থানায়৷ ছুটে আসে বিশালগড় থানার পুলিশ৷ পুলিশ ঘটনার প্রাথমিক তদন্তক্রমে অভিযুক্ত সুজিৎ নমঃকে গ্রেপ্তার করে নিয়ে যায়৷
2017-08-25

