ইম্ফল, ২০ আগস্ট (হি.স.) : শনিবার সকালে আচমকা মেয়ের সঙ্গে দেখা করলেন শর্মিলা চানুর মা| সঙ্গে ছিলেন তাঁর বোনও|
অনশন ভেঙে ফিরতে দেওয়া হয়নি চানুকে| ইন্ডিয়ান রেড ক্রস সোস্যাইটিতে তিনি রয়েছেন| কিন্তু এদিন সকালে বোনকে নিয়ে মা সখী তাঁর সঙ্গে দেখা করেন| ১৬ বছর পর মায়ের সঙ্গে দেখা পেয়ে স্বভাবতই খুশি চানু|
তিনি জানিয়েছেন, মায়ের কাছে তাঁর আগামীদিনের পরিকল্পনার কথা জানিয়েছেন| সূত্রের খবর, তাঁর দাদা সিংহজিতও গিয়েছিলেন তাঁকে দেখতে| কিন্তু শর্মিলা জানিয়েছেন, তাঁর সঙ্গে দেখা হয়নি সিংহজিতের| তবে তাঁর পরিবার তাঁকে অসম্মান জানায়নি| ২০০০ সালে যখন শর্মিলা অনশন শুরু করেন, তখন তাঁর মা তাঁকে আশীর্বাদ জানিয়েছিলেন| সে সময় মা তাঁকে বলেছিলেন, শর্মিলা যেন তাঁর লক্ষ্যপূরণ করে তবেই ঘরে ফেরে|
গত ৯ আগস্ট ১৬ বছরের অনশন ভাঙেন শর্মিলা| বেশিরভাগ মানুষ তাঁকে অসম্মান করতে শুরু করে| কোনও এলাকাতেই তাঁকে থাকতে দেননি মানুষজন| এরপর হাসপাতালের ঘরে ফিরে আসেন তিনি| যেখানে তাঁর ১৬ বছর কেটেছিল, সেখানেই থাকতে শুরু করেন তিনি| এরপর ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির মনিপুর ব্রাঞ্চে তাঁকে থাকতে দেওয়া হয়|
2016-08-21

