নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১ আগস্ট৷৷ জাতীয় সড়কে যান দুর্ঘটনায় গুরুতর আহত ৩ জন৷ দূর্ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে মুঙ্গিয়াকামীর ৩৪ মাইল এলাকায়৷ ঘটনার বিবরনে জানা গেছে, মুঙ্গিয়াকামী থানাধীন ৩৪ মাইল এলাকায় জাতীয় সড়কে কমান্ডার জীপ ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত হয় ৩ জন যাত্রী৷ টিআর-০১-৪৩৪৬ নম্বরের এখটি কমান্ডার জীপ যাত্রী নিয়ে মুঙ্গিয়াকামী যাচ্ছিল৷ অপর দিক থেকে ধেঁয়ে আসছিল একটি লরি৷ এই দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত হয় প্রদীপ দেববর্মা (৩০), রথীন্দ্র দেববর্মা (২৮) এবং উন্নতি রিয়াং (২৮)৷ দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থেকে দমকল কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া গ্রামীন হাসপাতালে নিয়ে আসে৷
তবে আহত তিন জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়৷ পুলিশ দুটি গাড়ী আটক করেছে৷ কিন্তু চালক ফেরার৷ অপরদিকে সোমবার সকাল ১০টা নাগাদ আর ও একটি বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয় শিশু৷ জানা গেছে তেলিয়ামুড়া থানাধীন ত্রিশা বাড়িস্থিত এলাকার বাসিন্দা টিএসআর জওয়ান সুজিত দেববর্মা তার টি আর-০-২বি-১৫৯৯ নম্বরের বাইক নিয়ে তেলিয়ামুড়া বাজারে আসার পথে এক শিশুকে ধাক্কা দেয়৷ এতে গুরুতর আহত হয় মৌসুমী রায় (০৪) নামে এক শিশু৷ পরে আহত মৌসুমীকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয় উন্নত চিকিৎসার জন্য৷ তেলিয়ামুড়া থানার পুলিশ বাইকটিকে ও চালক সুজিত দেববর্মাকে আটক করে৷
2016-08-02

