নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি৷৷ এডিসি নির্বাচনকে ঘিরে অস্থির হয়ে উঠছে রাজনৈতিক পরিস্থিতি৷ শাসক জোট শরিক আইপিএফটিকে নিয়ে চলছে নানা গুঞ্জন৷ বিজেপি জনজাতি মোর্চার তরফ থেকে গোটা বিষয়ে নজর রাখা হচ্ছে৷ দফায় দফায় বৈঠক হচ্ছে বিজেপির রাজ্য নেতৃত্বের মধ্যে৷ সোমবারও অনুরূপ এক বৈঠক হয়েছে জনজাতি মোর্চার৷ উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মার আবাসনে সাংসদ রেবতী ত্রিপুরা, সমাজকল্যাণমন্ত্রী সান্তনা চাকমা সহ মোর্চার শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন৷
বৈঠক শেষে, সাংসদ রেবতী ত্রিপুরা জানান, আজকের বৈঠকে আইপিএফটি দলের তিপ্রা মথাতে যোগদান কিংবা আসন সমঝোতার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে৷ তবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা সাতটায় যীষ্ণু দেববর্মার বাসভবনেই আইপিএফটির নেতাদের সাথে এক বৈঠকে মিলিত হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷ এদিকে সাংবাদিকরা সাংসদ রেবতী ত্রিপুরার কাছে জানতে চান, আইপিএফটির সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া মহারাজা প্রদ্যুতের সাথে যৌথ সাংবাদিক সম্মেলনে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, বিজেপির কাজে তারা সন্তুষ্ট নন৷ এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কী? জবাবে সাংসদ রেবতী ত্রিপুরা জানান, তিন বছরের মাথায় কেন এই ধরনের মন্তব্য তিনি করেছেন? আগে কেন করেননি?
তিনি জানান, যৌথ সম্মেলনের পর আইপিএফটি নেতৃবৃন্দের সাথে বিশেষ করে সহকারী সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মার পৌরোহিত্যে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার বাড়িতে তাদেরকে ডেকে এনে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিলো সেই বৈঠকে আইপিএফটির নেতৃবৃন্দের কাছে তিপ্রা মথায় যোগদানের ব্যাপারে কিংবা আসন সমঝোতার ব্যাপারে তাদের কাছে জানতে চাইলে তারা স্পষ্ট ভাবে কিছু জানতে পারেননি৷ মঙ্গল দেববর্মা ওইদিনের বৈঠকে তিনদিনের সময় চেয়েছিলেন৷ সেই হিসাবে আগামীকালই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷ তিনি আরো জানান, আইপিএফটির এই ধরনের কার্যকলাপ নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে পুরো বিষয়টি অবহিত করা হয়েছে৷ ইতিমধ্যেই দিল্লিতে অবস্থান করছেন রাজ্য বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা৷ তিনিও বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের গোচরে নিয়েছেন৷ এদিন সাংসদ রেবতী ত্রিপুরার কথা থেকে একটা জিনিস স্পষ্ট, আগামীকালই সন্ধ্যা সাতটায় যে বৈঠক অনুষ্ঠিত হবে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মার বাসভবনে সেখানেই চূড়ান্ত ফয়সালা নেওয়া হবে৷
এডিসি ভোটে আইপিএফটির সাথে আসন সমঝোতা সংক্রান্ত বিষয়ে সাংসদ রেবতী ত্রিপুরা জানান আইপিএফটির তরফ থেকে ২২টি আসন দাবী করা হয়েছে৷ তবে তা কোন ভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন সাংসদ রেবতী ত্রিপুরা৷ তাছাড়া বিজেপির সাথে জোটে থেকেও অন্যদলের সাথে জোট গঠন করে এডিসি ভোটের প্রচারে আইপিএফটির নেমে পড়ার বিষয়টি নিয়ে সাংসদ রেবতী জানান, গোটা বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হয়েছে৷ খুব শীঘ্রই সমস্ত প্রশ্ণের ও জল্পনার অবসান হয়ে যাবে৷

