সরকারি সুরক্ষা ব্যবস্থা প্রত্যাহারের আর্জি মুখ্যমন্ত্রীর পত্নী নীতি দেবের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ সরকারি সুরক্ষা ব্যবস্থা প্রত্যাহারের আর্জি জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব৷ তিনি আজ ফেইসবুক পোস্ট-এ এই ঘোষণা দিয়েছেন৷ তাঁর দাবি, ত্রিপুরাবাসীর ভালবাসাই আমার রক্ষা কবচ৷ তাই, আলাদাভাবে সরকারি নিরাপত্তার প্রয়োজন নেই৷
ফেইসবুক পোস্ট-এ নীতি দেব বলেন, ভাগ্যবান মানুষেরাই ভালোবাসা পেয়ে থাকেন এবং সবসময়ই দেখা যায়, আপনজনদের কাছ থেকেই বেশী ভালোবাসা পেয়ে থাকেন৷ তবে তিনি মনে করেন, তাঁর থেকে বড় ভাগ্যবান লোক খুব কমই আছে যে সমগ্র ত্রিপুরাবাসীর কাছ থেকে প্রচুর ভালোবাসা, বড়দের আশীর্বাদ, জীবনসাথীর সঙ্গ, ছোটোদের কাছ থেকে ভালবাসা পেয়েছেন৷ তার জন্য তিনি সকলের কাছেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷


তাঁর দাবি, ত্রিপুরার যেকোনো ঘর, যে-কোন গ্রামে চলে যাই, অথবা ঘুরতে ঘুরতে কোথাও দূরে চলে গেলেও, আমার ভয়ের কিছু নেই৷ আমার ভীতির কিছু নেই৷ কারণ, যেখানে আমাকে এত ভালোবাসা দেওয়া হচ্ছে, তার মানে সারা রাজ্যই আমার রক্ষা করছে৷ তাঁর আরও দাবি, প্রত্যেকটি ঘর, প্রতিটি ব্যক্তি, জাতি-ধর্ম- বর্ণ, এমনকি যে কোন রাজনৈতিক দলের কর্মী, কেউ কখনও আমাকে আঘাত করার প্রচেষ্টা করবে না৷ বরং, তিনি এই ভেবে শক্তি পান, যারা তাঁকে ভালবাসেন তারা প্রত্যেকেই তাঁর রক্ষা করবেন৷ তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, সরকারী সুরক্ষা ব্যবস্থা ও সরকারী প্রোটোকল তিনি ছেড়ে দিচ্ছেন৷ কারণ তিনি মনে করেন, কোন কারণে তাঁর এবং সাধারণ জনগণের মধ্যে কোন ধরনের ব্যবধান না থাকে৷

নীতি দেব বলেন, কোভিড-১৯ এর ভয়াবহ পরিস্থিতিতে আমি চাইছি, আমার সুরক্ষায় খরচ হওয়া অর্থরাশি জনগনের কল্যাণে ব্যবহার করা হোক৷ তাঁর মতে, আগামী দিনে আর্থিক ব্যবস্থার উন্নয়নে প্রত্যেক ব্যক্তির অংশীদারিত্ব খুব জরুরী৷ তিনি বলেন, আমরা আত্মনির্ভর ভারতের কথা বলছি৷ এর তাৎপর্য হল প্রত্যেক ব্যক্তির সহযোগিতা করতে হবে৷ কারণ যতক্ষণ পর্যন্ত সমাজের প্রত্যেক ব্যাক্তি তাতে যোগদান করবেন না, ততক্ষণ পর্যন্ত পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব নয়৷ তাই, তিনি প্রশাসনের কাছে আগ্রহ প্রকাশ করেন, তাঁকে প্রদত্ত সুরক্ষা ব্যবস্থা সরিয়ে দেওয়ার ব্যবস্থা হোক৷