নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ তরুণ আইনজীবী ভাস্কর দেবরায়ের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে৷ তবে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে৷ সময়মতো চিকিৎসা না হওয়ায় তাঁর মা কঙ্কনা দেবরায় ছেলের মৃত্যুর জন্য থানায় এফআইআর করবেন বলে জানিয়েছেন৷ চিকিৎসায় গাফিলতিতে আইনজীবীর মৃত্যুতে ত্রিপুরা সরকার ৪ জন চিকিৎসককে নিয়ে মৃত্যু নিরীক্ষা দল (ডেথ অডিট টীম) গঠন করেছে৷ ৭২ ঘন্টার মধ্যে ওই মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷ এদিকে, সহকর্মীর মৃত্যুতে আদালতের দ্বারস্থ হন জনৈক আইনজীবী৷ আদালত পুলিশকে ১২ মার্চের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে৷ খবর পেয়ে হাসপাতালে ছুটে গেছেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ চিকিৎসায় গাফিলতির জন্য আইনজীবীর মৃত্যু হয়ে থাকলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন তিনি৷
গতকাল গভীর রাতে ধলেশ্বর কামিনী কুমার সুকলের সামনে রাস্তায় গুরুতর আহত অবস্থায় আইনজীবী ভাস্কর দেবরায়কে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান দমকল কর্মীরা৷ জিবি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভোর তিনটা নাগাদ তাঁর মৃত্যু হয়৷ ছেলের মৃত্যু নিয়ে আজ শনিবার সকালে তাঁর মা কঙ্কনা দেবরায় অভিযোগ করেন, বিনা চিকিৎসায় ছেলের মৃত্যু হয়েছে৷ হাসপাতালে যন্ত্রণায় চিৎকার করছিল ভাস্কর, কিন্তু কোনও চিকিৎসা দেওয়া হয়নি তাঁকে৷ তাঁর অভিযোগ, চিকিৎসায় গাফিলতির জন্য ছেলের মৃত্যুতে থানায় মামলা করবেন৷
এদিকে, খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিজেপি বিধায়ক সুদীপ রায়বর্মন, প্রদেশ কংগ্রেসের অস্থায়ী সভাপতি বরিষ্ঠ আইনজীবী পীযূষকান্তি বিশ্বাস, কংগ্রেস নেতা সুবল ভৌমিক৷ পীযূষকান্তি বিশ্বাস এবং সুবল ভৌমিক চিকিৎসায় গাফিলতির জন্য আইনজীবীর মৃত্যু হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন৷ সুবল ভৌমিক হাইকোর্টের বিচারপতি দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন৷ এদিকে সাংসদ প্রতিমা ভৌমিক ওই তরুণ আইনজীবীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে গেছেন৷ তিনি বলেন, মৃত্যু সবসময় অত্যন্ত বেদনাদায়ক৷ তবে চিকিৎসায় গাফিলতিতে তরুণ আইনজীবীর মৃত্যুর যে অভিযোগ উঠেছে তার তদন্ত করা হবে৷ পুলিশের পাশাপাশি বিভাগীয় তদন্তও হবে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের বাইরে৷ কিন্তু তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন৷ প্রতিমা ভৌমিক বলেন, চিকিৎসায় গাফিলতির জন্য ওই মৃত্যু হলে দোষীকে কঠোর শাস্তি দেওয়া হবে৷
এদিকে, সন্ধ্যায় স্বাস্থ্য অধিকর্তা ডাঃ শুভাশীষ দেববর্মা চিকিৎসায় গাফিলতিতে আইনজীবী মৃত্যুর অভিযোগে ৪ জন চিকিৎসককে নিয়ে মৃত্যু নিরীক্ষা দল (ডেথ অডিট টীম) গঠন করেছেন৷ ডাঃ শঙ্কর দেবরায়-র নেতৃত্বে ওই দলে রয়েছেন ডাঃ ধ্রুব বণিক, ডাঃ বিপ্রজিৎ দেববর্মা এবং ডাঃ গৌতম দেববর্মা৷ ৭২ ঘন্টার মধ্যে ওই মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা৷ এদিকে, তরুণ আইনজীবী ভাস্কর দেবরায়ের মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে এনসিসি থানায় এফআইআর করেন আইনজীবী পুলক সাহা৷ ডাঃ অভিজিৎ আচার্যীর বিরুদ্ধে তিনি মামলা করেন৷ কিন্তু থানা মামলা না নেওয়ায় তিনি মুখ্য বিচারবিভাগীয় আদালতের দ্বারস্থ হন৷ আদালত পুলিশকে এফআইআর গ্রহণ করে তদন্ত রিপোর্ট ১২ মার্চের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছে৷ আদালতের নির্দেশে ডাঃ অভিজিৎ আচার্যীর বিরুদ্ধে অনিচ্ছাকৃত মৃত্যুর মামলা নিয়েছে পুলিশ৷

