নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ রাজ্য পুলিশের এক সাব ইন্সপেক্টর সরকারি আবাসনে ফাঁসিতে আত্মঘাতী হয়েছেন৷ পশ্চিম ত্রিপুরা জেলার রানিরবাজার থানায় কর্মরত সাব ইন্সপেক্টর জয়ন্ত বৈদ্য(৩৩) আত্মহত্যা করেছেন৷ বর্তমানে তাঁর মরদেহ জি বি হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷ সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হল, আজ তার স্ত্রী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন৷ তাঁর আত্মহত্যার কারণ নিয়ে পুলিশ মহলে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷
দক্ষিণ ত্রিপুরা জেলার বাইখোরার বাসিন্দা জয়ন্ত বৈদ্য ২০১২ সালে ত্রিপুরা পুলিশে যোগ দেন৷ আগরতলায় বিভিন্ন থানায় তিনি কর্মরত ছিলেন৷ বর্তমানে তিনি রানীরবাজার থানায় কর্মরত ছিলেন৷ আগরতলায় পূর্ব আগরতলা থানার সরকারি আবাসনে মা ও স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি৷ আজ সকালে তার স্ত্রী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন৷ বর্তমানে মা ও ছেলে জি বি হাসপাতালে ভর্তি রয়েছে৷
সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ নিজ ঘরেই ফাঁসিতে আত্মহত্যা করেন তিনি৷ ওই সময় তার ঘরে বৃদ্ধা মা ছিলেন৷ কিন্তু তিনি বুঝতে পারেননি তাঁর ছেলে আত্মহত্যা করতে চলেছেন৷ খবর পেয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা দেন৷ ওই ঘটনায় পুরো পুলিশ স্তম্ভিত হয়ে পড়েছেন৷ তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷

