নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ সরকারি উদ্যোগে হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ খোলার পরিকল্পনা রয়েছে ত্রিপুরা সরকারের৷ তবে এবার জনজাতি অধ্যুষিত এলাকায় ওই কলেজ গড়ে তুলতে চাইছে রাজ্য সরকার৷ তাই, কেন্দ্রের কাছে বিশেষ প্যাকেজ চাওয়া হয়েছে৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধীনে ৯৪৯ কোটি টাকার বিশেষ প্যাকেজ তৈরি করে কেন্দ্রের কাছে পাঠানো হবে৷ ওই টাকায় হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের জন্যও ব্যবস্থা রাখা হয়েছে৷

শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই খবর দিয়ে জানিয়েছেন, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) সদর খুমুলুঙে একটি হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের৷ তাঁর কথায়, আগরতলায় একটি সরকারি মেডিক্যাল কলেজ রয়েছে৷ তাছাড়া, হাঁপানিয়াতে সোসাইটি পরিচালনাধীন একটি মেডিক্যল কলেজও রয়েছে৷ ওই দুই মেডিক্যাল কলেজ মূলত এলোপ্যাথি চিকিৎসার জন্য৷ কিন্তু, জনজাতি অধ্যুষিত এলাকায় কোনও মেডিক্যাল কলেজ নেই৷
তাছাড়া, হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ গোটা রাজ্যে কোথাও নেই, বলেন তিনি৷ তাঁর বক্তব্য, ত্রিপুরার জনজাতিদের কৃষ্টি, সংসৃকতি, আর্থ সামাজিক এবং ভাষাগত উন্নয়নে কেন্দ্রের কাছে বিশেষ প্যাকেজ চাওয়া হবে৷ তাতে, জনজাতি এলাকায় হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ গড়ে তোলারও প্রস্তাব পাঠানো হবে৷
শিক্ষামন্ত্রীর দাবি, ওই বিশেষ প্যাকেজে ৯৪৯ কোটি টাকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধীনে জনজাতিদের কল্যাণে চাওয়া হচ্ছে৷ ওই প্যাকেজে মেডিক্যাল কলেজের জন্যও প্রয়োজনীয় অর্থ ধরা হয়েছে৷ তাঁর কথায়, খুমুলুঙ এডিসি সদর৷ তাই, ওখানে মেডিক্যাল কলেজ হলে জনজাতিদের পাশাপাশি সারা রাজ্য উপকৃত হবে৷ তিনি জানান, রাজ্য মন্ত্রিসভা ওই প্রস্তাবে অনুমোদন দিয়েছে৷

