নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ ৩৬ বছর পুরনো বিধায়ক পরিমল সাহা হত্যা মামলায় ত্রিপুরা হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখার পাশাপাশি বেকসুর খালাস একজনকেও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে৷ আজ থেকে ৩৬ বছর আগে খুন হয়েছিলেন কংগ্রেস বিধায়ক পরিমল সাহা৷ ওই খুনের ঘটনায় ২০১৬ সালে পশ্চিম জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত ১২ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিল৷ এছাড়া অভিযুক্ত পাঁচজনকে বেকসুর খালাস করেছিল নিম্ন আদালত৷ ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদনের আজ ত্রিপুরা হাইকোর্টে নিষ্পত্তি হয়েছে৷ হাইকোর্টের রায়ে পরিমল সাহার পরিবার অবশেষে বিচার পেয়েছে৷

প্রসঙ্গত, ১৯৮৩ সালের ৭ এপ্রিল চড়িলামের বিধায়ক পরিমল সাহা সিপিএম কর্মীদের আক্রমণে খুন হয়েছিলেন৷ ওই ঘটনায় ১৯৮৬ সালে বিচারপ্রক্রিয়া শুরু হয়৷ পরিমল সাহা হত্যা মামলায় পুলিশ ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল৷ কিন্তু, কালচক্রে ওই মামলার কার্যত ঠাঁই হয় হিমঘরে৷ ত্রিপুরায় হাইকোর্ট চালু হওয়ার পর প্রধান বিচারপতি দীপককুমার গুপ্তা নিষ্পত্তিহীন মামলাগুলির দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন৷ তখনই পুনরায় শুরু হয় পরিমল সাহা হত্যা মামলার বিচারপ্রক্রিয়া৷ দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ায় পুলিশের চার্জশিটে থাকা ২৫ জন অভিযুক্তের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে৷ এছাড়া মাফিজ মিয়াঁ নামে এক গাড়ির চালক পলাতক ছিলেন৷ ফলে ১৭ জনের বিরুদ্ধে ২০১৫ সালের সেপ্ঢেম্বরে শুনানি শুরু হয়৷
দীর্ঘ শুনানি শেষে আদালত ওই ১৭ জন অভিযুক্তের মধ্যে পরিমল সাহা হত্যা মামলায় প্রমাণের অভাবে অরুণ কুমার সাহা, তপন কুমার সাহা, সত্যরঞ্জন দাস, চাঁদ মিয়াঁ এবং উত্তম কুমার সাহাকে বেকসুর খালাস করে দেয়৷ আদালত ১২ জনকে ওই হত্যা মামলায় ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ৩২৬, ৩০৭, ৩০২, ১২০বি এবং বিস্ফোরক পদার্থ আইনের ৩ ধারায় দোষী সাব্যস্ত করে৷ ২০১৬ সালের এপ্রিল মাসে পশ্চিম জেলা অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক সত্যব্রত দত্ত বিধায়ক পরিমল সাহাকে হত্যার দায়ে ষষ্ঠী চক্রবর্তী, উত্তম সাহা, মৃণাল সেনগুপ্ত, প্রদুল সেনগুপ্ত, বিজয় কুমার দাস, কাজল রায়, অভয় ভূষণ, চিন্ময় ঘোষ, হিরণ্ময় ঘোষ, সুখেন্দু বিকাশ দাস, বাবুল দাস এবং সজল কুমার সরকারকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন৷
এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ত্রিপুরা হাইকোর্টে রায়ের পুনর্বিবেচনার আবেদন জানান সাজাপ্রাপ্তরা৷ এদিকে, অতিরিক্ত দায়রা আদালত যে ৫ জনকে পরিমল সাহা হত্যা মামলায় বেকসুর খালাস করেছিল সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মতি সাহা ত্রিপুরা হাইকোর্টে আবেদন জানান৷
ত্রিপুরা হাইকোর্টে দীর্ঘ শুনানির পর আজ প্রধান বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ ওই মামলার রায় ঘোষণা করে নিম্ন আদালতের রায়কে বহাল রেখেছে৷ উপরন্তু বেকসুর খালাস সত্যরঞ্জন দাসকে দোষী সাব্যস্ত করে তাকেও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে হাইকোর্ট৷

