News Flash

  • Home
  • Uncategorized
  • ই-রিক্সা চালকের আত্মহত্যা, ক্ষুব্ধ সহ-চালকদের পথ অবরোধ, উত্তেজনা আগরতলায়, মুখ্যমন্ত্রীর সাহায্যের আশ্বাস, অনুমোদনহীন ই-রিক্সা দুশ্চিন্তায় ফেলল রাজ্য সরকারকে
Image

ই-রিক্সা চালকের আত্মহত্যা, ক্ষুব্ধ সহ-চালকদের পথ অবরোধ, উত্তেজনা আগরতলায়, মুখ্যমন্ত্রীর সাহায্যের আশ্বাস, অনুমোদনহীন ই-রিক্সা দুশ্চিন্তায় ফেলল রাজ্য সরকারকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট ৷৷ অনুমোদনহীন ই-রিক্সা রাজ্য সরকারকে দুশ্চিন্তায় ফেলেছে৷ ওই ই-রিক্সা নিষিদ্ধের সিদ্ধান্তে এক চালকের আত্মহত্যার ঘটনায় আজ আগরতলা শহর উত্তপ্ত হয়ে উঠেছিল৷ ই-রিক্সা চালকদের অবরোধ আন্দোলনে প্যারাডাইস চৌমুহনী এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছিল৷ এমনকি ই-রিক্সার রেজিস্ট্রেশনে মুখ্যমন্ত্রী আরো একমাস সময় দেওয়ার পরও তাঁরা অবরোধ তুলে নেননি৷ অবশেষে পুলিশ ও টিএসআর কঠোর হতেই তাঁরা অবরোধ প্রত্যাহার করে নেন৷ এই ঘটনায়, আজ বিকেল পাঁচটা থেকে রাত প্রায় ৯টা পর্যন্ত শহর আগরতলায় পরিস্থিতি থমথমে হয়েছিল৷ তবে, অনুমোদনহীন ই-রিক্সা ইস্যু রাজ্য সরকারকে আগামী দিনে আবারও বেকায়দায় ফেলবে, তা মনে করা অস্বাভাবিক নয়৷

শনিবার আগরতলায় প্যারাডাইস চৌমুহনীতে অনুমোদনহীন ই-রিক্সা চালকরা পথ অবরোধ করেন৷ ছবি- নিজস্ব৷

অনুমোদনহীন ই-রিক্সা নিষিদ্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার৷ মূলত, ত্রিপুরা হাইকোর্টের রায়ের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ ফলে, ১ আগষ্ট থেকে রাজ্যে ই-রিক্সা চলাচলে বিধিনিষেধ আরোপ হওয়ায় প্রচুর ই-রিক্সা চালকের রোজগার বন্ধ হয়ে গিয়েছে৷

আজ আগরতলায় এক ই-রিক্সা চালক আত্মঘাতি হয়েছেন৷ ইন্দ্রনগর ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকতেন বিবেকানন্দ মালাকার(৪৯)৷ তাঁর স্ত্রী জানিয়েছেন, গত তিনদিন চরম হতাশাগ্রস্থ হয়ে পড়েছিলেন তাঁর স্বামী৷ কারণ, ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে তিনি ই-রিক্সা ক্রয় করেছিলেন৷ ফলে, এখন অনুমোদন না থাকার কারণে ই-রিক্সা বন্ধ হয়ে যাওয়ায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ প্রচন্ড চাপ দিচ্ছেন ঋণ মিটিয়ে দেওয়ার জন্য৷ তাঁর স্ত্রীর বলেন, গতকাল রাতে ভিষণ উলটাপাল্টা করছিলেন৷ ঋণ কিভাবে মেটাবেন সেই চিন্তায় বাড়িতে সকলের সাথে বাজে ব্যবহার করেছেন৷ কিন্তু, আত্মহত্যার পথ তিনি বেছে নেবেন, এমনটা আমরা কেউ ভাবিনি, বলেন ওই ই-রিক্সা চালকের স্ত্রী৷ তিনি জানান, রাতে সকলে ঘুমিয়ে যাওয়ার পর তিনি বিষপান করেন৷ আজ সকাল ৮টা নাগাদ তাকে জি বি হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে৷

ওই ই-রিক্সা চালকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অন্য ই-রিক্সা চালকরা জি বি হাসপাতাল চত্বরে জড়ো হতে শুরু করেন৷ তারা সকলে মিলে হাসপাতল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন৷ তাঁদের বক্তব্য, সরকারের নাকের ডগা দিয়ে অনুমোদনহীন ই-রিক্সা বিক্রি হয়েছে৷ অথচ, তখন কোন ব্যবস্থা নেওয়া হয়নি৷ কিন্তু, এখন হঠাৎ করে সমস্ত ই-রিক্সা নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে৷ তাঁদের অভিযোগ, অনুমোদনহীন ই-রিক্সা নিষিদ্ধ ঘোষণায় প্রচুর চালক সর্বস্বান্ত হয়ে যাওয়ার উপক্রম৷ জনৈক ই-রিক্সা চালক রঞ্জিত গোপ বলেন, রাজ্য সরকার ডিলারদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেন না৷ তাঁরা অনুমোদনহীন ই-রিক্সা বিক্রি করেছে এবং এখনও বহাল তবিয়তে রয়েছেন৷ তাঁর অভিযোগ, বৈধ কাগজপত্র চেয়েও ডিলারদের কাছ থেকে তা পাওয়া যাচ্ছে না৷ সেই অভিযোগ পুলিশে জানানো সত্বেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷ তাতে স্পষ্ট, ই-রিক্সা চালকদের সর্বনাশ হয়ে গেলেও সরকারের তা নিয়ে ভাববে না, ক্ষোভের সুরে বলেন তিনি৷

রঞ্জিত গোপের বক্তব্য, ঋণের জ্বালা সহ্য করতে না পেরে আজ একজন ই-রিক্সা চালক আত্মঘাতি হয়েছেন৷ এমন আরো ঘটনা সারা রাজ্যেই ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন৷ এদিকে, আত্মহত্যার ঘটনায় জি বি হাসপাতাল চত্বর উত্তপ্ত হয়ে উঠেছিল৷ ফলে, পরিস্থিতি সামাল দিতে পৌছান বিধায়ক রতন চক্রবর্তী এবং বিধায়ক সুশান্ত চৌধুরী৷ তাঁরা ই-রিক্সা চালকদের সংযত থাকার অনুরোধ করেন৷ সাথে, সরকার তাদের পাশে রয়েছে, এই আশ্বাস দিয়েছেন৷ বিধায়ক রতন চক্রবর্তী বলেন, ই-রিক্সা চালকের আত্মহত্যা ভিষণ দু:খজনক ঘটনা৷ কিন্তু, হাইকোর্টের রায়ে রাজ্য সরকারকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে, তা ই-রিক্সা চালকদের বুঝতে হবে৷ তিনি বলেন, ওই আত্মঘাতি ই-রিক্সা চালকের পরিবারকে সহায়তার জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব করবেন তিনি৷ সাথে যোগ করেন, সমস্ত ই-রিক্সা চালকের পাশে রয়েছে রাজ্য সরকার৷ তিনি সকল ই-রিক্সা চালকদের হতাশ না হওয়ার অনুরোধ জানিয়েছেন৷

বিধায়ক সুশান্ত চৌধুরী বলেন, ই-রিক্সা চালকদের একটি প্রতিনিধি দল আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য তাঁদের পরামর্শ দিয়েছি৷ কারণ, সমস্যা সমাধানে আলোচনাই একমাত্র পথ৷ তিনি বলেন, কেউই আইনের উর্দ্ধে নন৷ তবে, ওই আত্মঘাতি ই-রিক্সা চালকের পরিবারের পাশে দাঁড়াবে রাজ্য সরকার৷

কিন্তু, বিকেল নাগাদ ই-রিক্সা চালকরা প্যারাডাইস চৌমুহনীতে জড়ো হন এবং গণবস্থানে বসে যান৷ এরই মাঝে রাস্তা অবরোধ করেন তারা৷ পুলিশ তাদের তুলে দেওয়ার চেষ্টা করলে তারা মাটিতে শুয়ে বিক্ষোভ দেখাতে থাকেন৷ ফলে, পুলিশকে ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলার পথ খঁুজে বের করতে হয়েছে৷

ত্রিপুরা ই-রিক্সা শ্রমিক সমিতির সভাপতি ইমাম হোসেন জানান, রাজ্য সরকারে অমানবিক সিদ্ধান্তের বলি হয়েছেন একজন ই-রিক্সা চালক৷ রাজ্য সরকার অনুমোদনহীন ই-রিক্সা বন্ধে কঠোর পদক্ষেপ না নিলে আজ তাঁদের সহকর্মীকে প্রাণ দিতে হতো না৷ তিনি বলেন, ই-রিক্সা চালকরা ভিষণ নিরুপায় হয়ে আজ পথে নেমেছেন৷ কারণ, সরকার তাঁদের বিষয়ে না ভাবলে আরো অনেকেই এভাবে ক্ষতিগ্রস্থ হবেন৷ তিনি বলেন, ই-রিক্সা রেজিস্ট্রেশনে আরো একমাস সময়সীমা বাড়াতে হবে৷ পাশাপাশি, আত্মঘাতি ই-রিক্সা চালকের পরিবারকে সহায়তার দাবি জানান তিনি৷

এদিকে, রাত আটটা নাগাদ ভারতীয় মজদুর সংঘের সাধারণ সম্পাদক অসীম দত্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল এ-বিষয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে আলোচনা করেন৷ মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসীমবাবু বলেন, রাজ্য সরকার ই-রিক্সা রেজিস্ট্রেশনে আরো এক মাস সময়সীমা বাড়িয়ে দিয়েছেন৷ তাছাড়া, আত্মঘাতি ই-রিক্সা চালক বিবেকানন্দ মালাকারের পরিবারকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা এবং তার ছেলেকে সরকারী চাকুরী দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তবে, এক মাসের মধ্যে সকলেই রেজিস্ট্রেশন করতেই হবে৷ তাতে, বীমাও থাকতে হবে৷

কিন্তু, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি সত্বেও প্যারাডাইস চৌমুহনীতে অবরোধকারীরা উঠে যাননি৷ তখন পুলিশ ও টিএসআর তাদের প্রতি কঠোর মনোভাব নেন৷ তাতেই, তারা কিছুক্ষণের মধ্যে অবরোধ প্রত্যাহার করে নেন৷ রাত প্রায় ৯টা নাগাদ অবরোধ প্রত্যাহার হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top