আগরতলা, ২৯ আগস্ট: চুরি ও বিভিন্ন ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগে দুই কুখ্যাত চোরকে গ্রেপ্তার করল আমতলী থানার পুলিশ। গতকাল গভীর রাতে আগরতলা বাইপাস রোড এলাকা থেকে একটি গাড়ি সহ তাদের আটক করা হয়।
আমতলী থানার ওসি রানা চ্যাটার্জী জানান, কিছুদিন আগে সম্পত্তি সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত এক-দুজন মাস্টারমাইন্ডকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদে আরও বেশ কয়েকজনের নাম পুলিশের সামনে আসে। সেই তথ্যের ভিত্তিতেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল রাতে দুইজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ধৃতরা হল রাজীব সাহা, বাড়ি দক্ষিণ নারায়ণপুর এবং প্রণব দাস, বাড়ি মলয়নগর।
পুলিশের দাবি, ধৃতরা আমতলী থানা এলাকা ছাড়াও আগরতলা শহরের বিভিন্ন থানা এলাকায় ওই গাড়িটি ব্যবহার করে চুরি এবং বিভিন্ন ধরনের সম্পত্তি সংক্রান্ত অপরাধ চালিয়ে আসছিল। বিশেষ করে রাতের বেলায় গ্যাংয়ের সদস্যদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কাজে গাড়িটি ব্যবহার করা হতো বলে জানিয়েছে পুলিশ।
ধৃতদের কাছ থেকে চুরি করা সামগ্রী কোথায় রাখা বা বিক্রি করা হয়, কীভাবে সেগুলি পাচার করা হয় এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, সে বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। বর্তমানে চুরি করা সামগ্রী উদ্ধারের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ধৃতদের আরও জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে যুক্ত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চালানো হবে।
আমতলী থানার ওসি জানান, সম্পত্তি সংক্রান্ত অপরাধ রুখতে থানা এলাকায় নিয়মিত টহলদারি চালানো হচ্ছে। পাশাপাশি পার্শ্ববর্তী থানাগুলির সঙ্গেও সমন্বয় রেখে অভিযান চালানো হচ্ছে। ধৃত দুই অভিযুক্তকে আজ আদালতে পেশ করা হবে এবং পুলিশ তাদের তিন দিনের পুলিশ রিমান্ড চেয়েছে বলে জানিয়েছে।



















