পশ্চিম এশিয়া সংকটের জেরে বাতিল ৪,৩০০-র বেশি ভারতীয় উড়ান: কেন্দ্র

নয়াদিল্লি, ১৬ মার্চ : পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার জেরে ভারতীয় এবং বিদেশি বিমান সংস্থাগুলির হাজার হাজার উড়ান বাতিল করা হয়েছে বলে লোকসভায় জানালেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জরাপু।

সোমবার চলতি সংসদের বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, ভারতীয় বিমান সংস্থাগুলি মোট ৪,৩৩৫টি উড়ান বাতিল করেছে। একই সময়ে বিদেশি বিমান সংস্থাগুলিও প্রায় ১,১৮৭টি উড়ান বাতিল করেছে।

মন্ত্রী বলেন, যাত্রীদের নিরাপত্তাই সরকার ও বিমান সংস্থাগুলির কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। সংঘাতপূর্ণ অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকলে সেখানে উড়ান পরিচালনা করা সম্ভব নয়।

তিনি বলেন, “ভারতীয় বিমান সংস্থাগুলি ৪,৩৩৫টি উড়ান বাতিল করেছে এবং বিদেশি সংস্থাগুলি প্রায় ১,১৮৭টি উড়ান বাতিল করেছে। আমাদের প্রথমেই যেটা মনে রাখতে হবে তা হল নিরাপত্তা। যদি কোনও অঞ্চলের আকাশসীমাই বন্ধ থাকে, সেখানে উড়ান চালানোর প্রশ্নই ওঠে না।”

তবে পশ্চিম এশিয়ার পরিস্থিতির মধ্যেও বহু যাত্রী এই সময় ভ্রমণ করেছেন বলেও জানান তিনি। মন্ত্রীর কথায়, “এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও প্রায় ২ লক্ষ ১৯ হাজার ৭৮০ জন যাত্রী ভ্রমণ করেছেন।”

মন্ত্রী আরও জানান, পরিস্থিতির উপর নজর রাখতে ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সংশ্লিষ্ট দেশগুলির কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

তিনি বলেন, ওই অঞ্চলের আকাশসীমা পুরোপুরি খুলে গেলে তবেই স্বাভাবিকভাবে উড়ান পরিষেবা পুনরায় চালু করা সম্ভব হবে। বর্তমানে পশ্চিম এশিয়ার একাধিক অঞ্চলে সংঘাতের কারণে আকাশপথে বিধিনিষেধ জারি রয়েছে।

এদিকে গত সপ্তাহে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী মুরলীধর মহল লোকসভায় লিখিত উত্তরে জানান, বর্তমানে ভারতের বড় বড় দেশীয় বিমান সংস্থাগুলিতে মোট ১১,৩৯৪ জন পাইলট কর্মরত রয়েছেন। তাঁদের মধ্যে ১,৮৭১ জন মহিলা পাইলট।

Leave a Reply