আগরতলা, ১৮ জানুয়ারি:
আগামী বিধানসভা অধিবেশনে জনজাতিদের বিভিন্ন উন্নয়নমূলক প্রশ্ন বিধানসভায় উত্থাপনের সুযোগ নিশ্চিত করতে রাজ্যের রাজ্যপালের কাছে স্মারকলিপি তুলে দিলেন তিপ্রা মথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা। রবিবার রাজভবনে গিয়ে তিনি এই স্মারকলিপি প্রদান করেন।
এই দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রঞ্জিত দেববর্মা জানান, জনজাতিদের স্বার্থে উন্নয়নমূলক প্রশ্নগুলি যদি বিধানসভায় বিস্তারিতভাবে আলোচনা হয়, তবেই প্রকৃত উন্নয়ন সম্ভব। এই বিষয়টি তিনি বিধানসভার অধ্যক্ষকেও অবগত করেছেন বলে জানান।
পাশাপাশি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন। রঞ্জিত দেববর্মার অভিযোগ, মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভায় দাবি করছেন যে টি টি এডিসি-কে ৬ হাজার ৬৪৫ কোটি টাকা দেওয়া হয়েছে, কিন্তু সেই অর্থ কোন কোন আর্থিক বছরে বরাদ্দ হয়েছে, সে বিষয়ে বিধানসভায় কোনও সুস্পষ্ট বক্তব্য রাখা হয়নি।
এদিকে, গতকাল বিজেপি প্রদেশ কার্যালয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা দাবি করেন যে জানুয়ারি মাসের মধ্যেই তিপ্রা মথা দলের সকল নেতা-কর্মী বিজেপিতে যোগ দেবেন এবং তিপ্রা মথা দলের এমডিসি ও বিধায়করা তাঁর সঙ্গে যোগাযোগে রয়েছেন। এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন বিধায়ক রঞ্জিত দেববর্মা।
মন্ত্রী বিকাশ দেববর্মার উক্তির পাল্টা সুরে প্রাক্তন জঙ্গি নেতা তথা বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেন, “মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই প্রশ্ন—এই ধরনের গণতান্ত্রিক ভাষণ শুনে কি মনে হয় না, রাজ্যে আদৌ আইনের শাসন চলছে কি না?” তিনি আরও বলেন, রাজ্যে উত্তেজনা কে সৃষ্টি করছে, তা সরকারকেই দেখা উচিত।
রঞ্জিত দেববর্মা উল্লেখ করেন, তিপ্রা মথা কর্মীদের উপর হামলার অভিযোগ আগেও বিপিন দেববর্মা তুলেছিলেন। অথচ রাজ্যে কোনও উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হলেই তার দায় তিপ্রা মথা দলের উপর চাপানো হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, “আমরা ২০২১ সালেও এককভাবে লড়াই করেছি, ২০২৩ সালেও করেছি। নির্বাচন ঘোষণা করা হোক, তারপর বাকিটা দেখা যাবে।”
এই সমস্ত বক্তব্যকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

