গন্ডাছড়া, ২৬ আগস্ট:পানীয় জল সরবরাহকারী বেসরকারি এজেন্সির গাফিলতির অভিযোগে গত পাঁচ দিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন গন্ডাছড়া মহকুমা সদর সংলগ্ন কয়েকটি গ্রামের একাংশ মানুষ। জল সরবরাহ বন্ধ থাকায় এলাকাজুড়ে দেখা দিয়েছে তীব্র সংকট। ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। পরিস্থিতির দ্রুত সমাধান না হলে গন্ডাছড়া মহকুমার ডিডব্লিউএস দপ্তর ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছেন স্থানীয়রা।
গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর আরডি ব্লকের অধীনে রয়েছে ১৯টি এডিসি ভিলেজ। বিভিন্ন এলাকায় পানীয় জল সরবরাহের জন্য পাম্প হাউজ নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ডিডব্লিউএস দপ্তরের অধীনে রয়েছে একটি ট্রিটমেন্ট প্ল্যান্ট ও ওভারহেড ট্যাংক। এই প্ল্যান্টের মাধ্যমে উত্তর গন্ডাছড়া, গন্ডাছড়া ও পশ্চিম গন্ডাছড়া এডিসি ভিলেজের বহু পরিবারে পানীয় জল সরবরাহ করা হয়।
প্রতি বছর টেন্ডারের মাধ্যমে বেসরকারি এজেন্সিকে জল সরবরাহের দায়িত্ব দেওয়া হয়। চলতি বছরে অমরপুরের এক ঠিকাদার এই দায়িত্ব পেয়েছেন। অভিযোগ, দায়িত্ব পাওয়ার পর থেকেই জল সরবরাহ ব্যবস্থায় নানা সমস্যা দেখা দিচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত পাঁচ দিন আগে ট্রিটমেন্ট প্ল্যান্টের ডেলিভারি মোটর বিকল হয়ে পড়ে। ফলে প্ল্যান্ট থেকে জল তোলা সম্ভব হচ্ছে না। প্ল্যান্টের অপারেটরের অভিযোগ, মোটরসহ অধিকাংশ যন্ত্রপাতিই পুরনো হওয়ায় প্রায়ই বিকল হয়ে পড়ছে। এদিকে, মোটর বিকল হওয়ার পর সংশ্লিষ্ট এজেন্সিকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি বলে অভিযোগ।
এ বিষয়ে ডিডব্লিউএস দপ্তরের এসডিও চ্যাংচাগ্য মগ এজেন্সির গাফিলতিকে দায়ী করে জানান, মোটর মেরামত না হওয়া পর্যন্ত গাড়ির মাধ্যমে এলাকায় পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হবে।তবে দ্রুত জল সরবরাহ স্বাভাবিক না হলে বুধবারের পর যেকোনও সময় ডিডব্লিউএস দপ্তর ঘেরাও করা হতে পারে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। দীর্ঘদিনের এই জলসংকটের দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা।



















