বামুটিয়া ৩ এপ্রিল: মধ্যপ্রাচ্যে ইরান, ইসরাইল এবং আমেরিকা-কে ঘিরে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি যেন বিশ্ব অর্থনীতিতে এক অস্থিরতার ঝড় তুলেছে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী, তারই প্রভাব এসে পড়েছে ভারতের বাজারেও। রান্নার গ্যাস ও বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলছে। এই বৈশ্বিক অস্থিরতার আবহকে সামনে রেখে ত্রিপুরার বামুটিয়া কালী বাজারে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা।
হঠাৎ করেই চায়ের দাম ৫ টাকা থেকে বেড়ে ১০ টাকায় পৌঁছে গেছে—যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয়দের মতে, এটি কোনো স্বাভাবিক মূল্যবৃদ্ধি নয়, বরং পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে দাম বাড়ানো হয়েছে। অভিযোগ উঠছে, আগরতলা সহ ত্রিপুরার অন্য কোনো অঞ্চলে চায়ের দাম এমনভাবে বাড়েনি। তাহলে কেন শুধুমাত্র কালী বাজারেই এই অস্বাভাবিক বৃদ্ধি? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে চা-স্টল থেকে শুরু করে সাধারণ মানুষের আড্ডায়। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, কৃষক ও নিম্ন আয়ের মানুষরা। প্রতিদিনের ক্লান্তি দূর করতে এক কাপ চা, সেটাই এখন তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। যুদ্ধের দূরবর্তী প্রভাব যেন সরাসরি এসে আঘাত করছে তাদের দৈনন্দিন জীবনে।
এলাকার সচেতন নাগরিকদের দাবি, প্রশাসন যেন দ্রুত হস্তক্ষেপ করে চায়ের ন্যায্য মূল্য নির্ধারণ করে। কিন্তু অভিযোগ, মহকুমা প্রশাসন থেকে শুরু করে সমষ্টি উন্নয়ন আধিকারিক—কেউই এখনও কার্যকর পদক্ষেপ নেয়নি। পূর্ব ও পশ্চিম বামুটিয়া পঞ্চায়েতের প্রধানদের বিরুদ্ধেও উঠেছে নিষ্ক্রিয়তার অভিযোগ। সাধারণ মানুষের প্রশ্ন, যখন পঞ্চায়েত থেকেই ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়া হয়, তখন এই ধরনের অযৌক্তিক মূল্যবৃদ্ধির ক্ষেত্রে তারা কেন নীরব? যুদ্ধের আবহে বিশ্ব যখন অস্থির, তখন সেই অস্থিরতার সুযোগ নিয়ে স্থানীয় বাজারে এই ধরনের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কষ্ট আরও বাড়িয়ে তুলছে। এখন দেখার, প্রশাসন কত দ্রুত এগিয়ে এসে এই সমস্যার সমাধান করে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ায়।



















