আগরতলা, ২৯ মার্চ: আসন্ন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের পাহাড়ি জনপদে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ইতিমধ্যেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন।
এরই মধ্যে ১১ মহারানী–তেলিয়ামুড়া কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিল্লু জমাতিয়া প্রচারে গিয়ে বিরোধী দলগুলির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘ ৩৫ বছর সিপিএম এবং পরবর্তী ৫ বছরে তিপ্রা মথার শাসনকালে জনজাতি অধ্যুষিত এলাকার মানুষদের বিভিন্ন সরকারি প্রকল্প ও উন্নয়নমূলক সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে।
বিল্লু জমাতিয়ার দাবি, পূর্ববর্তী সরকারগুলি উন্নয়নের পরিবর্তে শুধুমাত্র ভোটের রাজনীতি করেছে, যার ফলে পাহাড়ি অঞ্চলের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে উন্নয়নের ধারা বজায় রাখতে বদ্ধপরিকর এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে একাধিক প্রকল্প গ্রহণ করেছে।
প্রচারের সময় তিনি স্থানীয় মানুষের কাছে উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে বিজেপিকে সমর্থনের আহ্বান জানান। পাশাপাশি তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে এলাকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলির যথাযথ বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এদিকে, নির্বাচনকে ঘিরে পাহাড়ি অঞ্চলে রাজনৈতিক তৎপরতা যেমন বাড়ছে, তেমনই সাধারণ ভোটারদের মধ্যেও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এখন দেখার বিষয়, এই নির্বাচনে পাহাড়ি জনপদের মানুষ কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেন।

