জাল টাকার নোট সহ যুবক আটক, চাঞ্চল্য

সোনামুড়া, ২৭ মার্চ : মোট ১৬টি ভারতীয় ৫০০ টাকার জাল নোটসহ এক দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম আমির হোসেন (২৪)। তাঁর পিতার নাম জলিল খন্দকার। বাড়ি সিপাইজলা জেলার সোনামুড়া থানার অন্তর্গত বরদোয়াল মুন্সিবাড়ি এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের কাছ থেকে একটি সারপ ব্লেড, এক প্যাকেট চানাচুর, একটি গুডনাইট লিকুইড মশার কয়েল এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অভিযোগ, সোনামুড়া ব্রিজ চৌমুহনী এলাকায় অবস্থিত ‘সেভেন হেভেন্স শপিং মল’ থেকে জাল নোট ব্যবহার করে এই সামগ্রীগুলি কেনার সময় তাকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ।

এ ঘটনায় সোনামুড়া থানায় অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যে একটি বিশেষ পুলিশ দল ধৃতকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ও একাধিক নাম উঠে এসেছে বলে জানা গেছে।

পুলিশ আরও জানিয়েছে, প্রাপ্ত তথ্য রাজ্য গোয়েন্দা দপ্তর এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে এবং সেগুলির সত্যতা যাচাই চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই জাল নোট চক্রের জাল সোনামুড়া, কাকড়াবন, যাত্রাপুর ও বিশালগড় পর্যন্ত বিস্তৃত।

ধৃতকে আজ মহামান্য আদালতে তোলা হবে এবং পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে এই চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনকে গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে বলে পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে।

Leave a Reply